মুম্বই: ইডেন গার্ডেন্সে অপরাজিত ৯৭ রানের ইনিংসটি যেন সঞ্জু স্য়ামসনের কেরিয়ারটাই বদলে দিয়েছে। গোটা টুর্নামেন্টে শুরু থেকে সুযোগই মিলছিল না। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ইনিংস খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে বসানোর সাহস দেখায়নি টিম ম্যানেজমেন্ট। এরপরই আসে সেই অতিমানবীয় ইনিংস। যার সুবাদে কুড়ির ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গড়েছিল টিম ইন্ডিয়া। আর সঞ্জুর ইনিংসের পর সবচেয়ে বেশি খোঁচা যাঁকে হজম করতে হয়েছে, তিনি হলেন সূর্যকুমার যাদব।
সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক বৈঠকে সূর্যকুমারকে প্রশ্ন করা হয়েছিল যে একাদশে স্যামসকে খেলানো উচিৎ কি না। সূর্যকুমার তখন হাসির ছলে জানিয়েছিলেন যে কার জায়গায় খেলাবেন সঞ্জুকে? কিন্তু ইডেনে স্য়ামনের ইনিংস দেখার পর সূর্যই সবার আগে তাঁকে অভিবাদন জানিয়েছিলেন। সেমির লড়াইয়ের আগে ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন স্যামসের বাবা বিশ্বনাথন। তিনি সূর্যকে নিজের ছেলের মত বলেও সম্বোধন করলেন।
কেরলের এক সংবাদমাধ্যমে সঞ্জু স্য়ামসনের বাবা বিশ্বনাথন বলেন, ”সূর্যকুমারের কোনও ইগো নেই। ও দলের প্রত্যেক সদস্যকে খুব ভাল করে চেনে। সবার পাশে থাকার চেষ্টা করে সবসময়। ও অসাধারণ একজন অধিনায়ক। আমরা সবাই জানি যে সূর্যকুমার কতটা সঞ্জুকে সাপোর্ট করে। ও আর গৌতম গম্ভীর যতটা সাপোর্ট করে, ততটা কখনও কেউ করেনি। সূর্যও আমার কাছে ছেলের মত।”
স্যামসনকে নিয়ে কী বলছেন গম্ভীর?
‘সঞ্জু মাঝে মধ্যে দুশোর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেছে। ম্যাচ শেষ করে দিয়েছে। আমার তো মনে হয়েছে ও ইনিংসের গতি আলাদা করে কখনওই বাড়ায়নি। সব ক্রিকেটীয় শট খেলেছে। ও পেশিশক্তির জোরে বল বাউন্ডারিতে পাঠায়নি। এতই প্রতিভা রয়েছে ওর। এটা হয় ভাল অনুভূতি থাকলে। নেটে ও দারুণ ব্যাটিং করেছে। প্রত্যেক বল ব্যাটের মাঝখান দিয়ে খেলেছে। ও জানত উইকেট ভাল ছিল। মাঠও দারুণ। আমি সব সময় বলে এসেছি ও বিশ্বমানের ক্রিকেটার। আশা করছি সঞ্জুর কাছে এরকম ইনিংস আরও দেখতে পারব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নেটে ভাল ব্যাটিং করা। পায়ের নড়াচড়া ভাল হচ্ছিল। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আগের ম্য়াচটাও ওর জন্য গুরুত্বপূর্ণ ছিল। মানুষ হয়তো ওর স্কোর দেখবে শুধু, তবে দলে ফিরে ওইরকম ২৩-২৪ রানের ইনিংস খেলা ওকে অনেকটা আত্মবিশ্বাস জুগিয়েছিল। কারণ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা ওর ভাল কাটেনি। যদিও আমরা জানি ও কী পারে। আমাদের হাতে সঞ্জু ও ঈশান দুজন রয়েছে যারা উইকেটে থেকে ভাল ব্যাটিং করে।
