চেন্নাই: আইপিএলের (IPL 2026) দামামা বেজে গিয়েছে। আর দিন দু’য়েক পরেই শুরু হচ্ছে টুর্নামেন্টের গ্রুপ পর্ব। নতুন মরশুম মানেই নতুন উদ্যম, নতুন আশা, নতুন স্বপ্ন। এবারের আইপিএলে নতুনভাবে শুরু করার স্বপ্ন নিয়েই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর নিজেদের সেই লক্ষ্যে বড় বদলও ঘটাতে চলেছে তারা। অন্তত সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) তেমনটাই ইঙ্গিত করেছেন।
গত মরশুমে সিএসকে একেবারে মুখ থুবড়ে পড়ে। লিগ তালিকায় প্রথমবার সবার নীচে শেষ করে হলুদ ব্রিগেড। এ মরশুমে সেই হতাশা ঝেড়ে ফেলে ফের সাফল্য পেতে মরিয়া সিএসকে। গত মরশুমে তাদের ব্যর্থতার অন্যতম বড় কারণ ছিল দলের টপ অর্ডারের দুর্বলতা। সেই দুর্বলতা দূর করার লক্ষ্যেই হলুদ ব্রিগেড এবার বদল ঘটাচ্ছে।
আইপিএলের অধিনায়কদের প্রাক মরশুম জমায়েতে রুতুরাজকে দলের ওপেনিং কম্বিনেশন নিয়েই প্রশ্ন করা হয়েছিল। তখনই তিনি জানান এবারে সিএসকের ওপেনিং পার্টনারশিপে বদল ঘটতে চলেছে। টপ অর্ডারে ফিরছেন দলের অধিনায়ক। রুতু জানান তিনি আর সঞ্জু স্যামসন (Sanju Samson) এবার সিএসকের হয়ে ওপেনিং করবেন।
গত মরশুমে সিএসকের হয়ে শুরুতে ঘুরিয়ে ফিরিয়ে ওপেনিং করেছিলেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। রুতুরাজ তিন নম্বরেই মূলত ব্যাটিং করেছিলেন। পরবর্তীতে আযুষ মাত্রেকে ওপেনিং করতে দেখা যায়। তবে এবার নবাগত স্যামসনকে সঙ্গে নিয়ে রুতুই ওপেনিং করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
তবে এ মরশুম শুরুর আগে ফের একবার যে প্রশ্ন সিএসকেকে ঘিরে উঠছে, সেটা হল এটাই কি মহেন্দ্র সিংহ ধোনির শেষ আইপিএল মরশুম? প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি যদিও ধোনির আইপিএল থেকে অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে কোনও স্পষ্ট উত্তর দেননি, তবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ধোনির সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন। তিনি একটি অনুষ্ঠানে বলেন, ‘আমি এই বিষয়ে ধোনিকেF যা বলার বলব, যে কী করতে হবে, না হবে, সংবাদমাধ্যমকে বলব না।’
উল্লেখ্য, এই বছর সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন, যাঁকে দলে ধোনির উত্তরসূরি বলা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে, এটি ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। শেষমেশ কী হয়, সেটাই দেখার বিষয়।
