কলম্বো: টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ। অথচ সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। সুপার এইটের মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে দিল নিউজ়িল্যান্ড। সেই সঙ্গে সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালমতোই রইল কিউয়িরা। তবে অঙ্কের বিচারে এখনও বেঁচে পাকিস্তান। শেষ ম্যাচে তাদের বিরাট ব্যবধানে জিততে হবে। পাশাপাশি নিউজ়িল্যান্ডকে হারতে হবে ইংল্যান্ডের কাছে। তবেই শেষ চারের দরজা খুলবে সলমন আলি আঘাদের।
বুধবার ১৬৮/৭ তাড়া করতে নেমে ১০৭/৮ স্কোরে আটকে গেল শ্রীলঙ্কা। প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে শ্রীলঙ্কা শিবিরে জোরাল ধাক্কা দেয় নিউজ়িল্যান্ড। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। এই হারের পর ২ ম্যাচে তাদের পয়েন্ট হল ০। শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেও তাদের পক্ষে আর সেমিফাইনালে যাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে ২ পয়েন্টে শেষ করে শ্রীলঙ্কা।
টি-২০ বিশ্বকাপে কালো ঘোড়া বলা হচ্ছে নিউজ়িল্যান্ডকে। কেন, তা বুধবার কলম্বোয় ফের একবার দেখিয়ে দিলেন কিউয়িরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোণঠাসা অবস্থা থেকে পাল্টা লড়াই চালাল নিউজ়িল্যান্ড। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে চাপ সামলে বোর্ডে বড় রান তোলে নিউজ়িল্যান্ড। সুপার এইট থেকে সেমিফাইনালে জায়গা পেতে এই ম্যাচ জিততেই হতো শ্রীলঙ্কাকে। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাদের অগ্নিপরীক্ষা দিতে হল। শেষ হাসি নিউজ়িল্যান্ডেরই। ব্যাট হাতে মিচেল স্যান্টনার ২৬ বলে ৪৭ রান করলেন। বল হাতে ২৭ রানে ৪ উইকেট রাচিন রবীন্দ্রর।
A superb spell of 4/27 with the ball and useful runs with the bat propelled Rachin Ravindra to the @aramco POTM 🎖️ pic.twitter.com/aE3zQvQXiO
— T20 World Cup (@T20WorldCup) February 25, 2026
সুপার এইটে গ্রুপ টু থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনালের টিকিট পাকা করে নিয়েছে। নিয়ম হচ্ছে, সুপার এইট পর্বের দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি করে দল শেষ চারে উঠবে। ইংল্যান্ড এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় এই গ্রুপে বাকি একটি জায়গার জন্য লড়াই ছিল তিন দলের। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজ়িল্যান্ড। এদের মধ্যে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় তাদের এই ম্যাচে জিততেই হতো। হেরে গিয়ে ছিটকে গেল সেমিফাইনালের দৌড় থেকে। নিউজ়িল্যান্ড সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল। তাদের পয়েন্ট হল তিন। রান রেটেও ভাল জায়গায় কিউয়িরা।
