নয়াদিল্লি: আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান। তবে শিখর ধবনের দাম্পত্য সুখের হয়নি। দীর্ঘ আইনি লড়াই। সঙ্গে বারবার স্ত্রী আয়েষা তাঁকে মানসিকভাবে হেনস্থা করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকী, ছেলে জোরাবরের সঙ্গে দেখাও করতে দেননি বলে অভিযোগ ওঠে।
আয়েষার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধবনের। সোমবার নতুন ইনিংস শুরু করলেন। বান্ধবী সোফি সাইনের সঙ্গে বাগদান সম্পন্ন হল ধবনের। নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন সুখবর। একই ছবি ও ক্যাপশন পোস্ট করেছেন সোফিও।
সোশ্যাল মিডিয়ায় দুজনের দুটি হাতের ছবি পোস্ট করেছেন ধবন ও সোফি, দুজনই। ছবিতে দেখা যাচ্ছে, শিখরের হাতের ওপর সোফির হাত। সোফির হাতে ঝলমল করছে বাগদানের আংটি। ধবন ক্যাপশনে লিখেছেন, ‘একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন দেখা, আমাদের বাগদানের পর যাঁরা ভালবাসা, আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা। আমরা আজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলাম।’
ধবনের প্রথম স্ত্রী আয়েষা মুখোপাধ্যায়। বিয়ের পর তাঁদের পুত্র সন্তানও হয়। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরে। এমনকী ছেলের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হতো না বলে অভিযোগও করেছিলেন একটা সময় আইসিসি টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ‘মিস্টার আইসিসি’ তকমা পাওয়া বাঁহাতি ওপেনার। শেষে আয়েষার সঙ্গে ডিভোর্স হয় ধবনের। গত দু বছর ধরে সোফির সঙ্গেই দেখা গিয়েছে ধবনকে। দুজনের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি, ভিডিও আছে একসঙ্গে। ধবন ঘনিষ্ঠ এক সূত্র আগেই জানিয়েছিল যে, দুজনে পাকাপাকিভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দুজনেই নতুন জীবন শুরু করতে চলেছেন। একসঙ্গে দুজনে অত্যন্ত খুশি তাঁদের সম্পর্কে। তাতেই সিলমোহর পড়ল সোমবার।
সোফির সঙ্গে ঘর বাঁধবেন বলে আগেই একটি বিলাসবহুল নতুন অ্য়াপার্টমেন্ট কিনেছেন শিখর ধবন। গুরুগ্রামে ডিএলএফের সুপার লাক্সারি হাউজিং প্রোজেক্টের অন্তর্গত এই অ্য়াপার্টমেন্টটি প্রায় ৬৯ কোটি টাকা দিয়ে কিনেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার। প্রায় ৬০৪০ স্কোয়ার ফুটের এই অ্য়াপার্টমেন্টটি কিনেছেন ধবন। এটি গল্ফ কোর্স রোডে অবস্থিত। কিছুদিন আগেই পণ্য পরামর্শদাতার কাজ করা আইরিশ সুন্দরী সোফি সাইনের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছিল। এরপর সোফি নিজের ইনস্টাগ্রামে ধবনকে ‘মাই লাভ’ বলে সম্বোধনও করেছিলেন। দুজনে যে প্রেম করছেন চুটিয়ে, তা এর থেকেই পরিষ্কার ছিল।
