ওয়াশিংটন ডিসি : ভিসা নিয়ে ফের বড় পদক্ষেপের পথে আমেরিকা। বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখবে স্টেট ডিপার্টমেন্ট। এমনই সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই ৭৫টি দেশের তালিকায় রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া ও ইরানের মতো দেশ। যেসব দেশের অভিবাসী “আমেরিকার জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণ গ্রহণ করছে”, সেইসব দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া স্থগিত রাখা হবে। স্টেট ডিপার্টমেন্ট এক সোশাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘নতুন অভিবাসীরা আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ বের করে নিচ্ছে না, এই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে।’ এই মর্মে ৭৫টি দেশের তালিকা আমেরিকার সরকার এখনও জনসমক্ষে নিয়ে না এলেও, ফক্স নিউজের একটি রিপোর্ট সম্ভাব্য দেশগুলির তালিকা প্রকাশ করেছে।
The State Department will pause immigrant visa processing from 75 countries whose migrants take welfare from the American people at unacceptable rates. The freeze will remain active until the U.S. can ensure that new immigrants will not extract wealth from the American people.
— Department of State (@StateDept) January 14, 2026
আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ শুরু হতে চলেছে। অ-অভিবাসী ভিসা, অথবা অস্থায়ী পর্যটন বা ব্যবসায়িক ভিসা চাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্রেটারি মার্কো রুবিওর তত্ত্বাবধানে চলা স্টেট ডিপার্টমেন্ট এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছে।
প্রসঙ্গত, আমেরিকায় যেতে H1B এবং H-4 ভিসাই মূলত ভরসা ভারতীয়দের। কিন্তু সেই ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনেকটাই পিছিয়ে যায় গত ডিসেম্বর মাসে। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আপাতত পিছিয়ে দেওয়া হয় ইন্টারভিউ। এর আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি এবং মার্চে ইন্টারভিউ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে একেবারে অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় ইন্টারভিউ।
দ্বিতীয় বার আমেরিকার মসনদে ফেরার পর থেকেই ‘বিদেশি তাড়াতে’ বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিসা দেওয়ার ক্ষেত্রে নিয়ম-কানুনেও বিস্তর রদবদল ঘটিয়েছে তাঁর সরকার। আরও কড়া বিধিনিয়ম চালু করা হয়েছে, এমনকী আবেদনকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্টেও নজরদারি চালানো হবে বলে ঠিক হয়েছে। আমেরিকার জাতীয় নিরাপ্ততা স্বার্থেই এমন পদক্ষেপ বলে দাবি করেছে ট্রাম্প সরকার। তবে এতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমেরিকার এই অভিবাসী নীতির জেরে ভারতীয়রাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
