কল্যাণী: জল খেতে গিয়ে খোয়াতে হল উইকেট!
রঞ্জি ট্রফিতে এমনই অভিনবভাবে আউট হলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ । যা নিয়ে বিতর্কের ঝড় ।
ঠিক কী হয়েছিল?
বৃহস্পতিবারের ঘটনা । বাংলা টস হেরে সার্ভিসেসের বিরুদ্ধে তখন প্রথমে ব্যাটিং করছে । অভিমন্যু ম্যাচের প্রথম দিনে দারুণ ছন্দে ছিলেন । তিনি নিশ্চিত সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন । সেই সময়েই ঘটে অঘটন । ইনিংসের ৪১তম ওভারে রান আউট হয়ে যান অভিমন্যু । তবে সেই উইকেট নিয়ে বিতর্ক রয়েছে ।
সার্ভিসেসের আদিত্য কুমারের বলে সুদীপ সামনের দিকে শট নেন, যা সরাসরি বোলারের দিকে আসে । অভিমন্যু তখন নন স্ট্রাইকিং প্রান্তে । তিনি মনে করেছিলেন ওভারটি শেষ হয়ে গেছে এবং ড্রিঙ্কস ব্রেক হবে । তিনি তাই ক্রিজ থেকে বেরিয়ে জলপানের জন্য এগিয়ে যান । কিন্তু আম্পায়ার তখনও ওভার শেষের কথা ঘোষণা করেননি । কারণ অভিমন্যু যখন ক্রিজ ছাড়েন তখনও বলটা ‘ডেড’ হয়নি । বলটি বোলারের হাত পর্যন্ত গিয়ে পৌঁছয়নি । অভিমন্যু বোলার বা বলের দিকে না তাকিয়েই ক্রিজ ছাড়েন । অন্যদিকে বলটা বোলারের হাতে লেগে সরাসরি নন স্ট্রাইকার এন্ডের উইকেটে লাগে । সার্ভিসেস আউটের জন্য আবেদন করে । তৃতীয় আম্পায়ার আউট দেন অভিমন্যুকে ।
অনেকেই যা দেখে তাজ্জব । বলাবলি হচ্ছে, ক্রিকেটের স্পিরিট ক্ষুণ্ণ হচ্ছে জেনেও কী করে এই আবেদন করল সার্ভিসেস । যদিও অভিমন্যু নিজের দোষই দেখছেন । বলছেন, ‘ওরা তো আবেদন করবেই । এতে অন্যায়ের কিছু নেই । স্পিরিট মেনে করা হয়নি, এমন মন্তব্য করতে আমি রাজি নই । আমারই আরও সতর্ক হওয়া উচিত ছিল । নিশ্চিত সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলাম । আরও সতর্ক থাকা উচিত ছিল ।’
প্রথম দিনের খেলার শেষে বাংলার স্কোর ৮৬ ওভারে ৪ উইকেটে ৩৪০ রান । কামব্যাক ম্যাচে ওপেন করতে নেমে প্রথম শ্রেণির কেরিয়ারে নিজের চোদ্দতম সেঞ্চুরি করলেন সুদীপ । ২২৬ বলে ১৪০ রানে অপরাজিত বারাসত থেকে উঠে আসা বাঁহাতি । তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও একটি ছয় । সুমন্ত গুপ্ত ৪৫ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন । বাংলার অধিনায়ক ফেরেন ১৫২ বলে ৮১ রানে । মেরেছেন ৯টি চার ও ১টি ছয় । তিন নম্বরে নেমে সুদীপ কুমার ঘরামি ২৫ বলে ৯ রান করেন ।
