February 24, 2026
9eac9778bc3a5d0989fa6390ec5d95e3177040042989850_original.jpg
Spread the love


কল্যাণী: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রথম দিন বাংলার জন্য মিশ্র কাটল। বাংলা চার পেসারে নেমেছে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে। মহম্মদ শামি, মুকেশ কুমার, আকাশ দীপের সঙ্গে চতুর্থ পেসার হিসাবে খেলানো হচ্ছে সূরয সিন্ধু জয়সওয়ালকে। পেসাররা উইকেট পেলেন। তবে পুরোপুরি চিন্তা কাটল না। চাপ সামলে অন্ধ্র প্রদেশ ৬ উইকেট হারিয়ে প্রথম দিন তুলল ২৬৪ রান। মুকেশ পেলেন ৩ উইকেট। আকাশ দীপের সংগ্রহ ২। মহম্মদ শামি একটি উইকেট পান। দ্বিতীয় দিনে পেসাররা দ্রুত বাকি কাজ শেষ না করতে পারলে কিন্তু চিন্তা থাকবে।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। কল্যাণীর সবুজ পিচে শুরুর ফায়দা নেওয়ার জন্য।একমাত্র স্পিনার হিসাবে খেলছেন শাহবাজ আমেদ। প্রথম ঘণ্টায় কোনও উইকেট পড়েনি অন্ধ্রপ্রদেশের। বাংলার হয়ে প্রথম সাফল্য আকাশ দীপের। তিনি ফেরান অভিষেক রেড্ডিকে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট তোলেন বাংলার পেসাররা।

মুকেশ কুমার ফেরান সাইক রশিদকে। শামির শিকার চেঙ্গালপেট জ্ঞানেশ্বর। কিন্তু রিকি ভুঁই লড়াই চালিয়ে যান। তাঁর ব্যাটে ভর করে ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় অন্ধ্র প্রদেশ। যে দলের কোচ নিউজ়িল্যান্ডের টেস্টে বিশ্বজয়ী গুরু গ্যারি স্টেড। সেখান থেকে বাংলাকে ম্যাচে ফেরালেন আকাশ দীপ। তাঁর বলে রিকির (৮৩) ক্যাচ ধরেন শাহবাজ। তবে আউট নিয়ে অসন্তোষ রয়েছে অন্ধ্র প্রদেশ শিবিরে। রিকি দিনের খেলার শেষে জানান যে, সাইট স্ক্রিনের ওপর দিয়ে পাখি উড়ছিল। তিনি সরে যেতে গিয়ে বলে ব্যাট ছোঁয়ান। কিন্তু তাঁকে আউট দেওয়া হয়। তার একটু পরেই আউট হন নীতীশ কুমার রেড্ডি। ভারতীয় টেস্ট দলে যিনি জাগা পেতে মরিয়া।

প্রথম দিনের শেষে অন্ধ্র প্রদেশের রান ৬ উইকেট হারিয়ে ২৬৪। শনিবার, ম্যাচের দ্বিতীয় দিন বাংলার প্রথম কাজই হবে দ্রুত অন্ধ্র প্রদেশকে অল আউট করা। এর আগে প্রতিপক্ষের লোয়ার অর্ডারের ব্যাটাররা প্রায়ই ভুগিয়েছে বাংলাকে। এবার যেন না হয়, সেই চেষ্টাই থাকবে বাংলার।

দিনের খেলার শেষে কোচ লক্ষ্মীরতন শুক্ল বললেন, ‘আর একটু ভাল জায়গায় থাকতে পারতাম । কয়েকটা ক্যাচ পড়েছে । তবে উইকেটে এখনও প্রাণ রয়েছে। কাল দ্রুত ওদের শেষ চার উইকেট তুলতে হবে । তাহলেই ম্যাচের রাশ আমাদের হাতে থাকবে ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks