May 26, 2026
8b68fbdfd4af076a9c147d74850c93ee1770815168834507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: রাত পোহালেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল, প্রতিপক্ষ নামিবিয়া (India vs Namibia)। তার আগে চোটআঘাতের সমস্যায় জেরবার টিম ইন্ডিয়া। গত ম্যাচে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)) খেলেননি। তিনি এই ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আবার দলের তারকা ক্রিকেটার অভিষেক শর্মাও (Abhishek Sharma) হাসপাতালে ভর্তি হয়েছেন। এই দুই তারকা ক্রিকেটারের ফিটনেস নিয়েই ম্যাচের আগের দিন আপডেট দিলেন তিলক বর্মা।

পেটের সংক্রমণ নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিলেন অভিষেক শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পাকস্থলীর সংক্রমণ নিয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিষেক। তবে বুধবার সাংবাদিক সম্মেলনে তিলক জানান অভিষেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারকা ওপেনারের বিষয়ে তিলক জানান, ‘আমরা দিল্লিতে পৌঁছনোর পরেই ওর পরীক্ষা করা হয়। সেই কারণেই ও হাসপাতালে গিয়েছিল। যতদূর জানি ওকে আজ ছেড়ে দেওয়া হয়েছে এবং ও ভাল আছে। ম্যাচের জন্য আরও একদিন বাকি রয়েছে। ও কেমন অনুভব করছে, ওর শরীর কেমন আছে সেই বুঝে আমরা (অভিষেকের ম্যাচ খেলা নিয়ে) কালকে সিদ্ধান্ত নেব।’

বুমরা প্রথম ম্যাচে না খেললেও, তিনি গতকালই ভারতের অনুশীলনে ফিরেছিলেন। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, ‘১০ দিনের বিরতির পর বুমরা বোলিং করা শুরু করেছে এবং আগের থেকে ও এখন অনেক সুস্থ অনুভব করছে। ও বেশ ভালভাবেই নড়াচড়া করছে এবং আজ আবারও বোলিং করবে।’ বুমরার নমিবিয়া ম্যাচে খেলা কার্যত নিশ্চিতই করে দিলেন তিলক। ‘বুমরা কালকের ম্যাচের জন্য উপলব্ধ। তবে দলের কম্বিনেশন কেমন, কী হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আরও একদিন তো সময় আছে।’ জানান তিনি।

বুমরা ফিট হলেও অবশ্য তাঁর বলে চোট পেয়ে কালকের ম্যাচের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন ঈশান কিষাণ। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে বুধবারই শেষ অনুশীলন সেশন। সেখানেই নেটে ব্যাটিং সারছিলেন ঈশান কিষাণ। পুরোদমে পূর্ণ গতির বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করছিলেন তিনি। এমন সময়ই ইয়র্কারের বিশেষজ্ঞ হিসাবে পরিচিত যশপ্রীত বুমরার এক ঠিকানা লেখা ইয়র্কার বলে আঘাত পান ঈশান।

ভারতের তারকা কিপার-ব্যাটারের বাঁ পায়ের পাতায় বল লাগে। বল লাগার পর তিনি নেটে কোনওরকমে নেট থেকে বেরিয়ে আসেন। মাটিতে বসে পড়েন ঈশান। তড়িঘড়ি দলের ফিজিও এবং সাপোর্ট স্টাফরা তাঁর দিকে ছুটে যান। ঈশানকে বল লাগার পর বেশ যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। তিনি আবারও নেটে ফিরে ব্যাটিংয়ের চেষ্টা করলেও বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। ফলে তাঁর কালকের ম্যাচে খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks