মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটে প্রথম ম্য়াচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল শনিবার ২১ ফেব্রুয়ারি। পাকিস্তান বনাম নিউজিল্য়ান্ড ম্য়াচে দুটো শিবিরই একটি করে পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। আজ ভারত নামতে চলেছে তাদের সুপার এইটের মহারণে। সামনে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এক নজরে দেখে নেওয়া যাক সুপার এইটে ভারতীয় দলের বাকি তিন দলের বিরুদ্ধে রেকর্ড কেমন?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে ভারত। ৫-২ ব্যবধানে প্রোটিয়া শিবিরকে টেক্কা দিয়েছে মেন ইন ব্লুজরা। শেষবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটো দলই অপরাজিত রয়েছে।
ক্যারিবিয়ানরাও এই বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে। উপমহাদেশের মাটিতে প্রতিপক্ষ শিবিরকে টেক্কা দেওয়ার জন্য এবার উন্নতমানের স্পিনারও নিয়ে এসেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের রেকর্ড ৪ ম্য়াচের মধ্য তিনটিতে সুপার এইটের মহারণে জিতেছে এখনও পর্যন্ত মেন ইন ব্লুজ।
জিম্বাবোয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমনে সামনে হয়েছে ভারত। ২০২২ সালের সেই ম্য়াচে ৭১ রানের সহজ জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ে চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই অঘটন ঘটিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছে তারা।
কেমন হতে পারে আজকে আমদাবাদের পিচ?
প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে আজ কিছুটা চ্যালেঞ্জিং লড়াই টিম ইন্ডিয়ার। ছোট বাউন্ডারি, ভাল পিচ, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাধারণত হাইস্কোরিং ম্যাচই দেখা যায়। তবে এই স্টেডিয়ামে কালো মাটির পিচে গত ম্যাচে রান তোলা খানিকটা চ্যালেঞ্জিংই হয়েছিল। এই ম্য়াচও কালো মাটির পিচে খেলা হবে। তাই রানের প্রত্যাশা থাকলেও খুব বেশি রান হবে, এমনটাও আশা করা বৃথা। ভারতীয় দল হয়ত রান তাড়া করে জিততে চাইবে।
কী বলছেন সূর্যকুমার যাদব?
অভিষেক শর্মা এখনও পর্যন্ত এই বিশ্বকাপে খাতাই খুলতে পারেননি। কিন্তু তিনিই বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। সুপার এইটের মহারণের আগে অভিষেকের পাশেই দাঁড়াচ্ছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তিনি বলছেন, ‘অভিষেকের ফর্ম নিয়ে যাঁরা চিন্তিত, আমি তাঁদের নিয়ে চিন্তিত। হ্যাঁ, এখনও পর্যন্ত ও রান পায়নি। তবে ও যখন রান করে, তখন কী হয়, আমরা সবাই দেখেছি। এটা তো দলগত খেলা, এমন সময় সকলেরই আসে, যায়। বর্তমানে দলের প্রয়োজন ও যেন নিজের স্বভাবচিত ভঙ্গিমায় নিজের খেলাটা খেলে। সত্যি বলতে ও সেই চেষ্টাই করছেও। যদি ও সাফল্য পায়, তাহলে তো দারুণ বিষয়, আর না পেলে ওকে কভার দেওয়ার জন্য আমরা তো আছি।’
