নয়াদিল্লি: নতুন বছরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ফের দেখা যাচ্ছে যুদ্ধের অশনি সংকেত। শনিবার সকালেই ইরানে মুহুর্মুহু হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইজ়রায়েল (Iran-Israel Conflict)। বেলা গড়াতেই প্রত্যাঘাত আনে ইরান। ইজ়রায়েলি সেনাকে লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আরব দেশগুলিতেও ঘোর বিপদ ঘনিয়ে এসেছে। পর পর বিস্ফোরণ ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, বাহারিন এমনকী কুয়েতেও। আর যুদ্ধ আবহে মহা বিপাকে দুই তারকা ক্রীড়াবিদ পিভি সিন্ধু (PV Sindhu) এবং মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)।
ভারত থেকে দুবাই হয়েই ইংল্যান্ডে অল ইংল্যান্ড ওপেন খেলতে যাচ্ছিলেন সিন্ধু। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। বর্তমান আবহে দুবাই থেকে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এয়ার ইন্ডিয়াও এই পরিস্থিতিতে আবু ধাবি, দাম্মাম, দোহা, দুবাই, জেড্ডা, রিয়াধ, মাসকট, টেল আভিভগামী বিভিন্ন বিমান বাতিল করেছে। মিসাইলের আক্রমণের ফলে দুবাই বিমানবন্দরও সমস্ত বিমান চলাচল করে দিয়েছে। আকাশসীমা বন্ধ। এই আবহেই সেখানে আটকে পড়েছেন ভারতের হয়ে যুগ্ম অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু। তিনি বর্তমান পরিস্থিতির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে এক পোস্টও করেন।
অপরদিকে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম গিয়েছিলেন তীর্থযাত্রায়। সেখানে গিয়েই জেড্ডায় আটকে পড়েছেন তিনি। বর্তমানে নিজের পরিস্থিতির কথা জানিয়েছেন মুশফিকুরও। তিনি জানান নিজের তীর্থযাত্রা সম্পূর্ণ করে তিনি দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলেন। এমনকী জেড্ডা থেকে তাঁর বিমান রওনাও দিয়ে দিয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের বিমান জেড্ডায় ফিরিয়ে দেওয়া হয়। সেখানেই তিনি হাজার হাজার যাত্রীদের সঙ্গে একসঙ্গে আটকে রয়েছেন।
শনিবার সকালে আচমকাই ইরানে মুহুর্মুহু রকেট বর্ষণ করে আমেরিকা এবং ইজ়রায়েল। ইজ়রায়েলের দাবি, আত্মরক্ষার্থেই আগাম হামলা চালিয়েছে তারা। ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাসভবন এবং দফতর লক্ষ্য করেও হানলা চালানো হয় বলে খবর। তবে হামলার আগেই সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় খামেনেইকে। তবে তাঁর বিশ্বস্ত এক আধিকারিক মারা গিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও রকম রাখঢাক না করেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ঘোষণা করেছেন। পাল্টা আগ্রাসনের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। এর জেরেই বর্তমানে উত্তপ্ত উত্তর পশ্চিম এশিয়া।
