কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মাঠে নেমে পড়বে দুই যুযুধান প্রতিপক্ষ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় (India vs West Indies)। এই দুই শক্তিধর দেশের লড়াইয়ে জয়ী দেশই শেষ দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেবে। এই ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচটি ঘিরে তাই সমর্থকদের মধ্যেই উত্তেজনা, উন্মাদনার কমতি নেই।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের হাড্ডাহাড্ডি এই ম্যাচের না না খুঁটিনাটি, কোথায় খেলা দেখা যাবে, এই সব না না বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া।
কোথায় হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র দ্বৈরথ?
কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র সুপার এইটের ম্যাচটি আয়োজিত হতে চলেছে।
কখন শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র লড়াই?
১ মার্চ, রবিবার এই ম্য়াচটি শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে ছয়টায়।
কোথায় দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র ম্যাচ?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র বিশ্বকাপের ম্যাচটি।
পিচ রিপোর্ট
শুক্রবার দিন ইডেনের পিচ পরিদর্শনে মাঠে এসেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি পিচ দেখার পরেই তা পুরোপুরি কভার দেওয়া হয়। ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে সৌরভ বেশ অনেকটা সময় কথাও বলেন। সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান পিচ প্রস্তুতকারক আশিষ ভৌমিকও।
সুজন জানান ইডেনে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ যে পিচে হয়েছিল, সেই পিচেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচও খেলা হবে। স্কটল্যান্ড এই পিচেই ২০০-র অধিক রান তুলেছিল। আসন্ন ম্যাচেও প্রচুর রান উঠবে বলে দাবি করছেন সুজন। তিনি PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সৌরভ পিচ যেরকম প্রস্তুত করা হচ্ছে, তা দেখে বেশ খুশি। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচও এই পিচেই খেলা হয়েছিল। এটা ইডেনের উইকেট যেমন হয়ে থাকে, তেমনই চরিত্রের হবে যেখানে প্রচুর রান উঠবে এবং তার পাশাপাশি বোলারদের জন্যও খানিকটা মদত থাকবে।’
হেড-টু-হেড
টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় একে অপরের বিরুদ্ধে মোট ৩০ বার মাঠে নেমেছে। ভারত এর মধ্যে ১৯টি ম্যাচ জিতেছে, ক্যারিবিয়ান দল জিতেছে ১০টি। এক ম্যাচ পরিত্যক্ত হয়।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বললে ছবিটি কিন্তু বেশ খানিকটা আলাদা। এখনও পর্যন্ত বিশের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চারবার মুখোমুখি হয়েছে। সেখানে তিনবারই ভারতীয় দলকে হারতে হয়েছে। ২০১৪ সালে বিরাট কোহলির ব্যাটে ভর করে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ভারতের একমাত্র জয় এসেছিল। সপ্তাহান্তে ক্রিকেটের নন্দন কাননে কী হবে? ম্যাচ শেষে কারা জয়ের হাসি হাসবেন এখন সেটাই দেখার বিষয়।
