মুম্বই: সোশ্য়াল মিডিয়ায় ধোনিভক্তরাই এই ট্রেন্ড শুরু করেছিলেন। মহেন্দ্র সিংহ ধোনির জার্সি নম্বর ৭। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওযার পরও আইপিএলে খেলছেন। আর এই সাত নম্বর জার্সি পরেই মাঠে নামেন তিনি। মাঠে তো তিনি ব্যাট হাতে হোক বা উইকেটের পেছন থেকে দলকে ম্য়াচ জেতাতে ওস্তাদ। কিন্তু যদি ২২ গজে নাও নামেন, তাহলেও ধোনির শুধুমাত্র একটি উপস্থিতি বা সেই ম্য়াচের সঙ্গে ধোনির নাম জুড়ে গেলেই মাহিভক্তরা এক অদ্ভুত স্লোগান তুলে থাকেন, তা হল থালা ফর আর রিজন….ঠিক যেভাবে ধোনিপ্রেমীরা মিলিয়ে দিলেন ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাহির অবদান মাঠের বাইরে থেকেও।
ওয়াংখেড়েতে খেলা দেখতে স্ত্রী সাক্ষীকে নিয়ে গত ৫ মার্চ উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। মাঠে সূর্যকুমার, বুমরা, হার্দিকরা যখন লড়ছেন, তখন ভিআইপি বক্সে মাহিকে অনেকবারই দেখা গিয়েছে। শেষমেষ ভারত ৭ রানে ম্যাচ জিততেই ধোনির জার্সি নম্বরকে উল্লেখ করে মাহির উপস্থিতির গুরুত্ব সোশ্য়াল মিডিয়ায় মনে করিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা। যেমন…….
ভারত সেদিন ৭ রানে ম্য়াচ জিতেছিল ইংল্য়ান্ডের বিরুদ্ধে।
ভারত সেদিন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ৭ নম্বর ম্য়াচ জিতেছিল।
ভারত ও ইংল্যান্ড দুটো দলই তাদের ৭টি করে উইকেট খুইয়েছিল।
ভারতের হয়ে সর্বােচ্চ রান সংগ্রাহক সঞ্জু স্য়ামসন ৭টি ছক্কা হাঁকিয়েছিল।
ইংল্য়ান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক বেথেলও ৭টি ছক্কা হাঁকান।
সঞ্জু স্যামসন ভারতের হয়ে ৭ নম্বর ম্য়াচের সেরার পুরস্কার তুলে নিয়েছিলেন।
স্য়ামসন উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলতে নেমে ৭ নম্বর বার টি-টোয়েন্টিতে অর্ধশতরান করেছিলেন।
জ্যাকব বেথেল সপ্তম ব্রিটিশ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন।
বেথেলের সেঞ্চুিরিটিও টুর্নামেন্টে সাত নম্বর সেঞ্চুরি।
ভারত তাদের ৭ নম্বর আইসিসি ম্যাচ ওয়াংখেড়েতে জিতেছিল।
এদিকে, আসন্ন আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজিই। সেই তালিকায় আছে চেন্নাই সুপার কিংসও। মহেন্দ্র সিংহ ধোনিও হলুদ জার্সিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ‘থালা’-র আগমনের ভিডিও, ছবিও শেয়ার করেছে সিএসকে। পাশাপাশি দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খানরাও সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। তাঁর ছবি, ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এরই মাঝে একটু বিপাকেও পড়েছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। বসবাসের জন্য দেওয়া জমি ব্যবসার কাজে ব্যবহার করছেন। যা নিয়মবিরুদ্ধ। এ ব্যাপারে কারণ দেখাতে বলে ধোনিকে নোটিশ পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ড।
