March 13, 2026
f846b618aa25e6b0ef106592bd4c60eb1773401729427507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: সদ্যই ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজ়ি লিগ ‘দ্য হান্ড্রেড’-র নিলাম (The Hundred Auction) সম্পন্ন হয়েছে। সেই নিলামের পরেই যত শোরগোল। অতীতে শোনা গিয়েছিল ‘দ্য হান্ড্রেড’র ভারতীয় ফ্র্যাঞ্চাইজ়িগুলি পাকিস্তানের খেলোয়াড়দের সই করবে না। সেই ফ্র্য়াঞ্চাইজ়িগুলির মধ্যে অন্যতম হল সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। এই গ্রুপের মালিক ভারতের সান গ্রুপ। তারা সানরাইজার্স ইস্টার্ন কেপের মতো ফ্র্যাঞ্চাইজ়ির পাশাপাশি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদেরও মালিক গোষ্ঠী।

সেই সান গ্রুপই হান্ড্রেডের নিলামে নিজেদের ফ্র্যাঞ্চাইজ়িতে আব্রার আমেদের (Abrar Ahmed) জন্য ২ কোটি ৩৪ লক্ষ টাকার দর হাঁকিয়ে তাঁকে দলে নেয়। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই সানরাইজার্স লিডসের অন্যতম কর্ণধার কাব্য মারানকে আক্রমণ করেছেন। তাঁরা মনে করিয়ে দেন কীভাবে আব্রার আমেদ গত বছর অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনাবাহিনী ও এয়ারফোর্সকে কটূক্তি করেছিলেন। 

ভারতীয় কোম্পানি হয়েও ভারতীয় সেনাকে কটাক্ষ করা পাকিস্তানি ক্রিকেটারকে সান গ্রুপ কীভাবে নিজের মালিকানাধীন এক ফ্র্যাঞ্চাইজ়িতে নিল, সেটাই মূলত এই প্রবল সমালোচনার কারণ। অনেকেই ক্ষুব্ধ হয়ে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজ়িকেই বয়কটের ডাক দিয়েছে। এমনকী সমালোচনার জেরে সানরাইজার্স লিডসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে।

এই বিষয়ে এবার ভারতীয় বোর্ডের তরফেও মুখ খুললেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল। তিনি সাফ জানিয়ে দিলেন দ্য হান্ড্রেড বিদেশি লিগ, তাই এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছুই করার নেই। তিনি ANI-কে এক সাক্ষাৎকারে শুক্রবার বলেন, ‘এটা তো আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। ওরা এটা (আব্রারকে সই করা) অন্য এক বিদেশি লিগে করেছে। তাই এই বিষয়ে ওদের নিজেদেরই (সান গ্রুপকে) সিদ্ধান্ত নিতে হবে। আমাদের তরফে করার কিছুই নেই।’

কিন্তু এত ক্রিকেটার থাকতে আব্রার আমেদ কেন? এই বিষয়ে কিন্তু সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেত্তোরিও ব্যাখা দিয়েছেন। নিলামের পরে কোচ ভেত্তোরি বলেছিলেন যে, যখন তিনি আদিল রশিদকে কিনতে পারেননি, তখন তাঁকে অন্য কোনও লেগস্পিনারকে টার্গেট করতে হত এবং তাঁদের আব্রারকে সঠিক বিকল্প বলেই মনে হয়েছিল।

তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার ছিল আদিল রশিদকে কেনা, কিন্তু তা সম্ভব হয়নি। এই কারণে, আমরা বিদেশি স্পিনারদের বিকল্প খুঁজে বের করি। আমাদের নজর ছিল ৪-৫ জন খেলোয়াড়ের উপর এবং আব্রার তাদের মধ্যে একজন ছিল। ওকে দলে পেয়ে খুব খুশি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks