কলকাতা: আজই খানিকক্ষণ আগেই অবশেষে মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসাবে ৬ ফুট ৮ ইঞ্চির দীর্ঘকায় ফাস্ট বোলার ব্লেসি মুজারাবানিকে সই করার কথা ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার ঘণ্টাখানেকও হয়নি। এরই মধ্যে বড় ধাক্কা খেল নাইট শিবির।
সম্ভাবনা আগেই ছিল, সেই সম্ভাবনাই সত্যি হল। Times of India-র রিপোর্ট অনুযায়ী নাইটদের তারকা ফাস্ট বোলার হর্ষিত রানা (Harshit Rana) আসন্ন আইপিএল মরশুম (IPL 2026) থেকেই ছিটকে গেলেন। তাঁর বিকল্প হিসাবে কাকে বাছাই করা হবে, সেই বিষয়ে অবশ্য নাইট কর্তৃপক্ষ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই খবর।
হর্ষিত ভারতীয় দলের বিশ্বকাপ দলের অংশ ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচে নভি মুম্বইয়ে চোট পান। সেই চোটের জেরে বিশ্বকাপেই মাঠে নামতে পারেননি হর্ষিত। এই হাঁটুর চোটের জেরে তাঁকে অস্ত্রোপচার পর্যন্ত করা হয়। ৯ ফেব্রুয়ারি হর্ষিত মুম্বইয়ে অস্ত্রোপচার করান এবং তিনি আপাতত সেই চোট সারিয়ে তোলার প্রক্রিয়ায় রয়েছেন। আইপিএল শুরু হতে এখনও সপ্তাহ দু’য়েক বাকি থাকলেও তারকা ফাস্ট বোলার আইপিএলের সময় ফিট হয়ে উঠতে পারবেন না।
হর্ষিতের অনুপস্থিতিতে কেকেআর আশা করবেন দলের বাকি ফাস্ট বোলার যেমন আকাশ দীপ, কার্তিক ত্যাগী, উমরন মালিকরা সেই সুযোগকে কাজে লাগান। প্রসঙ্গত উল্লেখ্য, হর্ষিত রানার আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর সামনে আসার কয়েক মুহূর্ত আগেই কেকেআর মুস্তাফিজুরের বিকল্প ক্রিকেটারের নাম অবশেষে ঘোষণা করে।
নিলামে মুস্তাফিজুরকে সই করালেও প্রবল সমালোচনা এবং তারপর বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটারকে বাধ্য হয়েই ছেড়ে দেয় নাইটরা। মুস্তাফিজুরের বিকল্প কারা হতে পারেন, সেই নিয়ে অতীতে এবিপি লাইভ বাংলা পূর্বাভাস দিয়েইছিল। সেই নামগুলির মধ্যে অন্যতম ছিলেন ব্লেসিং মুজারাবানি। দীর্ঘকায় জিম্বাবোয়ের এই ফাস্ট বোলারকেই দলে নিল তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন দল।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সকলকে চমকে দিয়ে জিম্বাবোয়ে সুপার এইটে কোয়ালিফাই করেছিল। হারিয়েছিল অস্ট্রেলিয়াকেও। জিম্বাবোয়ের এই স্বপ্নের সফরের অন্যতম কারিগর ছিলেন মুজারাবানি। তিনি বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন। বিশ্বকাপে ছয় ম্যাচে ৭.৮৯ ইকোনমিতে ১৩টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার সেই ফাস্ট বোলারকেই বেছে নিল কেকেআর।
