লখনউ: আইপিএলের (IPL 2026) আগে শেষবেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সব দলই মোটামুটি নিজেদের শহরে অনুশীলন শুরু করে দিয়েছে। লখনউ সুপার জায়ান্টসও (Lucknow Super Giants) নিজেদের শহরে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। লখনউয়ের অনুশীলনের মাঝেই অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) একটি বিষয় ঋষভ পন্থকে (Rishabh Pant) স্তম্ভিত করে দেয়। আবার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar ) কথাও মনে করিয়ে দেয়।
সোশ্যাল মিডিয়ায় লখনউয়ের শেয়ার করা একটি ভিডিওতে পন্থ এবং অর্জুনকে কথা বলতে দেখা যায়। সেখানে পন্থ অর্জুনের ব্যাটের ওজন নিয়ে প্রশ্ন করেন। জবাবে অর্জুনকে বলতে শোনা যায়, ‘আমার ব্যাটের ওজন ১২২০ গ্রাম।’ পাল্টা ঋষভ অর্জুনকে প্রশ্ন করেন যে এত ভারী ব্যাটে খেললে লাভ কী হয়? তাঁর জবাব অর্জুন বলেন, ‘এই ব্যাটে বল ছোঁয়ালেই কাজ হয়ে যায়। বাবা তো ১৩১০-১৫ গ্রামের ব্যাট করতেন। ১২০০ গ্রামের কম ওজনের ব্যাট আমি ব্যবহার করি না।’
Already loving this new Rishabh-Arjun bond 🥹❤️💙 pic.twitter.com/pa79YqebbU
— Lucknow Super Giants (@LucknowIPL) March 18, 2026
সকল ক্রিকেটপ্রেমীরই নিশ্চয়ই মনে আছে সচিন তেন্ডুলকর নিজের সময়ে ভীষণই ভারী ব্যাট ব্যবহার করার জন্য বিখ্যাত ছিলেন। অর্জুনও তেমনই ভারী ব্যাট ব্যবহার করেন। তাই অনেকেই এই বিষয়ের মধ্যে সচিনের স্পষ্ট ছাপ লক্ষ্য করেন। পাশাপাশি অর্জুনের এত ভারী ওজনের ব্যাট ব্যবহার করাটা ঋষভ পন্থকে যে বেশ বিস্মিত করে, তা পন্থের হাবভাবেই বোঝা যায়।
এরপরেই পন্থ আর একটি বিষয়ে বিস্ময় প্রকাশ করেন। সম্প্রতি অর্জুনকে আইপিএলের আগে যুবরাজ সিংহের সঙ্গে অনুশীলন সারতে দেখা গিয়েছিল। পন্থই জানান যে নিজের বিয়ের ঠিক পরের দিনই অর্জুন যুবরাজের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন। এই ঘটনায়ও বিস্ময় প্রকাশ করেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক।
প্রসঙ্গত উল্লেখ্য, পন্থ নিজেও কিন্তু এই আইপিএল শুরুর আগে যুবরাজের সঙ্গে অনুশীলন সারেন। কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ঋষভকেও রেঞ্জ হিটিংয়ের অনুশীলন করতে দেখা যায়। এবার দেখার দুই তরুণ বাঁ-হাতি ব্যাটার লখনউয়ের হয়ে কেমন পারফর্ম করেন।
