গুয়াহাটি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) নায়ক হওয়ার পর থেকেই দেশজুড়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) বন্দনা চলছে। বর্তমান, প্রাক্তন সব ক্রিকেটাররা তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ। দরাজ সার্টিফিকেট দেওয়া হচ্ছে স্যামসনকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ তিনটি ম্য়াচেই অর্ধশতরান হাঁকিয়ে দলের জয়ের ভিত তিনিই গড়ে দিয়েছিলেন। এবার রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে তুলনা টানা হল কেরলের ব্যাটারের। আর সেই তুলনা টানলেন তাঁরই আইপিএলে পুরনো দলের প্রাক্তন সতীর্থ।
গত আইপিএলে রাজস্থান রয়্যালসের নেতৃত্বেই ছিলেন স্যামসন। কিন্তু চোটের জন্য বেশিরভাগ ম্য়াচেই খেলতে পারেননি। দলও নয় নম্বর স্থানে শেষ করেছিল টুর্নামেন্টে। নতুন মরশুমে প্রথম থেকে শুরু করতে চাইছে রয়্যালস। স্যামসন এই মুহূর্তে সিএসকের সদস্য। এই পরিস্থিতিতে দলের সবচেয়ে বড় তারকা ব্যাটারের অনুপস্থিতিত সমস্যা তৈরি করবে না? কে হতে পারেন স্য়ামসনের বিকল্প?
অনুশীলনের ফাঁকেই রাজস্থানের এই মরশুমের ক্যাপ্টেন রিয়ান পরাগ জানাচ্ছেন, ”বিকল্প কেউ কারও হয় না। ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির কোনও বিকল্প হবে? তেমনই রাজস্থান রয়্যালস শিবিরও সঞ্জু ভাইয়ার কোনও বিকল্প হবে না। আমরা শুধুমাত্র ওর কাছাকাছি কোনও প্লেয়ারকে হয়ত পেতে পারি, যার স্কিলসেট, টেকনিক দারুণ। কিন্তু কারও পরিবর্ত হিসেবে কেউ আসতে পারে না। ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবদান যেমন, তেমনই রাজস্থান রয়্যালসে সঞ্জু স্যামসন।”
এরপরই স্যামসনের রাজস্থান রয়্যালসে উত্তরসূরি আরও বলেন, ”আমাদের একটাই লক্ষ্য এবারের মরশুমে নিজেদের পারফরম্য়ান্স আরও উন্নত করা। গত মরশুমে এমন অনেকগুলো ম্য়াচ ছিল যেগুলো আমরা শেষ ওভারে গিয়ে বা শেষ বলে গিয়ে ম্য়াচ হেরেছি। সেই ভুল আর করা যাবে না।”
স্যামসনের জুতোয় পা গলানো প্রসঙ্গে অসমের এই ক্রিকেটার বলছেন, ”এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দীর্ঘদিন ধরেই আছি। এখন এই দলটাকে নেতৃত্ব দেব। এটা আমার কাছে বিরাট সম্মানের। একটা আলাদা আবেগ কাজ করে। আমি চেষ্টা করব এই বছর ট্রফিটা যেন জিততে পারি। সেই লক্ষ্যপূরণের পরই আমি আমার ব্যক্তিগত লক্ষ্যের দিকে তাকাব, যা হল ভারতীয় দলে প্রত্যাবর্তন। ২০২৪ সালের পর থেকে কাঁধের চোট ভুগিয়েছে, তাই জাতীয় দল থেকে বাদ পড়েছিলাম। আবার ফিরতে চাই।”
উল্লেখ্য, দেশের জার্সিতে ২৪টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন রিয়ান পরাগ।
