সন্দীপ সরকার, কলকাতা: সেই প্রথম আইপিএল (IPL 2026) থেকেই তিনি বলে থাকেন, কলকাতা নাইট রাইডার্সের শ্রেষ্ঠ চিয়ারলিডার তিনিই।
তিনি মাঠে থাকা মানে, কেকেআর শিবির আরও প্রাণোচ্ছ্বল। নাইটদের জয় দেখে কখনও মাঠে নেমে সমারসল্ট দেবেন, তো কখনও ইডেন গার্ডেন্সের বি ব্লকের রেলিং বেয়ে ওপরে উঠে যাবেন। দেখলে কে বলবে যে, তাঁর বয়স ষাট! শিশুদের মতো প্রাণবন্ত থাকেন মাঠে এলেই।
তিনি, শাহরুখ খান। কেকেআরের মালিক। নাইটদের হৃদস্পন্দন। আইপিএলে কেকেআরের সাফল্যে উৎসব করেন। ব্যর্থতায় মন খারাপ হলেও দলকে উৎসাহ দেওয়ার কাজে নেমে পড়েন। তিনি থাকা মানেই কেকেআরের ক্রিকেটারেরা বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামেন। কে ভুলতে পারে, ২০২৪ সালে ইডেনে প্রায় হারতে বসা ম্যাচে শাহরুখ যখন মুষড়ে পড়েছিলেন, আন্দ্রে রাসেল ঠিক তাঁর সামনের গ্যালারিতে একের পর এক ছক্কা উড়িয়ে কেকেআরকে জেতান। তারপর ইঙ্গিত করে সেলিব্রেট করতে বলেন কিংগ খানকে।
স্বাভাবিকভাবেই কলকাতা নাইট রাইডার্সের ভক্তকুল অধীর অপেক্ষায় রয়েছেন যে, এবারের আইপিএলে কবে মাঠে থাকবেন শাহরুখ। কবে দেখা যাবে কিংগ-শো?
কেকেআর শিবিরে খোঁজ নিয়ে ও রেড চিলিজ় এন্টারটেনমেন্টের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, ইডেন গার্ডেন্সে ২ এপ্রিলই হতে পারে মাহেন্দ্রক্ষণ। কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে কলকাতায় আসতে পারেন শাহরুখ।
২৮ মার্চ শুরু হচ্ছে ১৯তম আইপিএল। প্রথম দিনই মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের চ্যাম্পিয়ন বিরাট কোহলিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের অভিযান শুরু হচ্ছে তার পরের দিন, ২৯ মার্চ। শুরুতেই অ্যাওয়ে ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের মুখোমুখি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তবে সেই ম্যাচে মাঠে নাও থাকতে পারেন শাহরুখ। এমনিতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নির্বাসিত হয়েছিলেন শাহরুখ। পরে যদিও সেই নির্বাসন উঠে যায়। তারপর থেকে হাতে গোনা ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়েছেন শাহরুখ।
It’s more than just a jersey. These are our #LinesOfLegacy. https://t.co/T5PX9DYGYi
— Shah Rukh Khan (@iamsrk) March 14, 2026
শোনা গেল, শাহরুখ এখন মুম্বইয়েই। তবে তাঁর বাংলো মন্নত সংস্কারের কাজ চলছে বলে তিনি আলিবাগে একটি ঠিকানায় রয়েছেন। তবু, ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত তাঁর যাওয়ার সম্ভাবনা কম। নাইট শিবিরের কেউ কেউ বললেন, শাহরুখ সব সময় হোমগ্রাউন্ড ইডেনে প্রথম ম্যাচে থাকতে চান। সেই কারণেই তিনি ২ এপ্রিল আসতে পারেন।
যেদিন ইডেনে ঈশান কিষাণ-অভিষেক শর্মাদের হায়দরাবাদের বিরুদ্ধে পরীক্ষা দেবে কেকেআর। আর ব্যালকনি থেকে হয়তো গলা ফাটাবেন বাজিগর।
