নয়াদিল্লি: আইপিএলের (IPL 2026) দামামা বেজে গিয়েছে। আর সপ্তাহখানেকেও বাকি নেই, শনিবারই শুরু হয়ে যাবে আইপিএলের মহারণ। এই মরশুমে যে তারকাদের দিকে সবথেকে বেশি নজর থাকবে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ক্যামেরন গ্রিন। তিনি শুধু এবারের নয়, সর্বকালের সবথেকে বেশি দামে বিক্রি হওয়া বিদেশি ক্রিকেটার। এবার সেই ক্যামেরন গ্রিনের (Cameron Green) উদাহরণ টেনেই বড় দাবি করলেন আর অশ্বিন (R Ashwin)।
বিশাল দামে অজ়ি ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইতিমধ্যেই তিনি কেকেআর শিবিরে যোগও দিয়েছেন। তবে তাঁর সাম্প্রতিক ফর্ম এবং তিনি কতটা বোলিং করার জন্য ফিট, দুই বিষয় নিয়েই প্রশ্নচিহ্ন রয়েছে। এই আবহেই অশ্বিনের দাবি চুক্তিবদ্ধ ক্রিকেটার যদি নিজের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তাঁদের টাকা কেটে নেওয়া উচিত। আর অশ্বিনের এহেন মন্তব্যই টুর্নামেন্ট শুরুর আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘ক্যামেরন গ্রিনের বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া কি ওকে চার ওভার বল করার ছাড়পত্র দেবে? অস্ট্রেলিয়ান বোর্ড হয়তো গ্রিনকে বলেছে যে ও আইপিএলে খেলতে পারে, কিন্তু ওদের জন্য টেস্ট ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আইপিএলে নির্দিষ্ট পরিমাণে ওয়ার্কলোড নেওয়ারই ওকে অনুমতি দেওয়া হয়েছে। এই সম্ভাবনা কিন্তু রয়েইছে।’
এরপরেই প্রাক্তন চেন্নাই সুপার কিংস ক্রিকেটার আরও দাবি করেন, ‘ও যদি দুই ওভারই বল করতে পারে, তাহলে দুই কোটি কেটে নেওয়ার সুযোগ আইপিএলের দলগুলিকে দেওয়া উচিত। ও যদি নিজের কোটার চার ওভার করতেই না পারে, তাহলে তো ওর টাকা কেটে নেওয়ারও অধিকার থাকা উচিত, তাই না? আইপিএলের নিলামে যখন নাম লেখানো হয়, তখন তো তোমার থেকে আশা ছিল যে তুমি চার ওভার বল করার পাশাপাশি ব্যাট করবে। যদি বোলিং করা নিয়ে কোনও বিধিনিষেধ না থাকে, তাহল তো ঠিক আছে। কিন্তু নিষেধাজ্ঞা থাকলে সেক্ষেত্রে চুক্তির টাকা কাটাই উচিত। শাহরুখ খানের জায়গায় নিজেকে রেখে দেখ। একজন ক্রিকেটারকে ২৫ কোটি টাকা দিয়ে কেনার পর সে যদি এসে বলে যে আমি আজ এক ওভার বা ১০ বলের বেশি করতে পারব না, তাহলে কেমন লাগবে?’
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রিন আইপিএলে আগে খেলা প্রথম শ্রেণির ম্যাচে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে বোলিং করেননি। বিশ্বকাপের আগে পাকিস্তান সিরিজ়ে তিনি দুই ম্যাচে মাত্র চার ওভার বল করে এক উইকেট নেন। সদ্যই চোট সারিয়ে ফিরেছেন অজ়ি অলরাউন্ডার। তাই তিনি কতটা বোলিং করতে পারবেন এবং কতটা বোলিং করার জন্য তাঁকে অনুমতি দেওয়া হবে, সেই অনেকেই ধন্দে। সেই বিষয়ে নিয়েই টাকা কেটে নেওয়ার কথাটি তোলেন অশ্বিন।
