নয়াদিল্লি: আইপিএল (IPL 2026) শুরুর আগেই শেষবেলায় বিরাট ঘোষণা। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে আসেছেন না তারকা বিদেশি ক্রিকেটার। মঙ্গলবারই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এক বিরাট সিদ্ধান্তের কথা জানান বেন ডাকেট (Ben Duckett)। ইংল্যান্ড ওপেনার জানিয়ে দেন তিনি এবারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বাঁ-হাতি ইংরেজ ওপেনারকে দুই কোটি টাকার বিনিময়ে দলে নেয়। তবে আজই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ডাকেট জানান যে তিনি নিজের ইংল্যান্ড কেরিয়ারকে বাঁচানোর জন্য মরিয়া। আসন্ন গ্রীষ্মে আন্তর্জাতিক মঞ্চে ভাল পারফর্ম করে যাতে তাঁর কেরিয়ারকে তিনি দীর্ঘায়িত করতে পারেন, তাই জন্যই তিনি আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বেন ডাকেট লেখেন, ‘আমি আইপিএল থেকে সরে দাঁড়ানোর অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনেক ভেবেচিন্তে এই কঠিন সিদ্ধান্তটা আমি নিয়েছি। সেই ছোটবেলা থেকেই ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি এবং আমার যতটা সম্ভব সবটা আমি ইংল্যান্ড ক্রিকেটকে দিতে চাই। সেটা করার জন্য গ্রীষ্মের আগে আমি যাতে মানসিক ও শারীরিকভাবে সেরা জায়গায় থাকি, সেটা নিশ্চিত করা প্রয়োজন।’
এরপরেই বেন ডাকেট নিজের শেষবেলার এই সিদ্ধান্তের জন্য দিল্লি ক্যাপিটালসের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি আরও লেখেন, ‘দিল্লির সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি এই ফ্র্যাঞ্চাইজ়ির প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে ছিলাম। আমার এই সিদ্ধান্তের জন্য যদি কোনও সমস্যা হয়, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি দিল্লির সকল সমর্থকের কাছেও ক্ষমা চাইব, কারণ আমি জানি এই সিদ্ধান্তটা ওদের জন্য কতটা কঠিন।’

অতীতে বহুবার ঘন ঘন এহেন শেষবেলায় নাম প্রত্যাহারের ঘটনা দেখা যাচ্ছিল। সেই দিকে তাকিয়েই আইপিএলের তরফে এমন কিছু ঘটলে খেলোয়াড়দের শাস্তি দেওয়া হবে বলে কিছু বছর আগেই জানিয়ে দেওয়া হয়। চোটআঘাত বা সেই খেলোয়াড়ের দেশের বোর্ড দ্বারা নিশ্চিত করা কোনও পরিস্থিতি ব্যতীত ক্রিকেটাররা যদি শেষবেলায় আইপিএল থেকে সরে দাঁড়ান, তাহলে তাঁদের শাস্তি পেতে হয়। সেই মতোই বেন ডাকেটকে দুই বছরের জন্য় আইপিএলে খেলা এবং নিলামে অংশগ্রহণ করা থেকে নির্বাসিত করা হতে পারে।
