নয়াদিল্লি: আইপিএল (IPL 2026) শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। এই শনিবারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নামবে। তবে তার দিন দু’য়েক আগেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তারকা ফাস্ট বোলারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা। কথা হচ্ছে আরসিবির জশ হ্যাজেলউডকে (Josh Hazlewood) নিয়ে। আরসিবির তারকা ফাস্ট বোলার চোটের কবলে পড়েছিলেন। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেই নিয়ে অবশেষে মুখ খুলল আরসিবি কর্তৃপক্ষ।
সেই গত বছর নভেম্বর মাসে হ্যাজেলউড শেষবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার সময় পেশিতে চোট পেয়েছিলেন। তারপর সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আবারও চোট পান তিনি। এবার অ্যাখিলিসে চোট লাগে তার। তাই সেই নভেম্বর মাসের পর থেকে তিনি চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন। চোটের জেরে তারকা ফাস্ট বোলার না অ্যাসেজ় সিরিজ়ে অংশগ্রহণ করতে পেরেছেন, না তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খেলতে পারেন।
আগেই শোনা গিয়েছিল যে হ্যাজেলউড আইপিএলের প্রথমভাগের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু তিনি কবে থেকে খেলতে পারবেন, সেই প্রশ্নই আরসিবি সমর্থকদের মাথায় ঘোরাফেরা করছে। হ্যাজেলউড নিজের রিহ্যাব সারছেন। আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট জানিয়েছেন তাঁরা নিরন্তর ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া যতক্ষণ না ছাড়পত্র দিচ্ছে, ততক্ষণ হ্যাজেলউড আইপিএল খেলতে আসতে পারবেন না। হ্যাজেলউডের আরসিবি শিবিরে যোগ দেওয়ার কোনও দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না।
মো বোবাট জানান, ‘মোটামুটি সকলেই জানেন যে জশ চোটের কারণে অনেকদিনই মাঠের বাইরে রয়েছেন। ওঁ বর্তমানে অস্ট্রেলিয়ায় রিটার্ন-টু-প্লে প্রোগ্রামের মধ্য রয়েছে। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমাদের মেডিক্যাল দলের থেকে নিরন্তর ওঁর বিষয়ে আপডেট নিচ্ছি। আমরা এই আলোচনা চালিয়ে যাব এবং ঠিক যখনই ক্রিকেট অস্ট্রেলিয়া (হ্যাজেলউডের) ফিটনেস নিয়ে খুশি হবে, তখনই ওঁ দলে যোগ দেবেন এবং আমরা আশা করছি সেই সময়টা খুবই দ্রুত আসবে।’
প্রসঙ্গত উল্লেখ্য হ্যাজেলউড দলে নেও, উপরন্তু দলের খেতাবজয়ী আরেক তারকা ফাস্ট বোলারকেও আসন্ন মরশুমে পাবে না আরসিবি। তিনি যশ দয়াল। বাঁ-হাতি ফাস্ট বোলার অবশ্য চোটের কারণে ছিটকে যাননি, বরং তাঁকে আরসিবিই না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। দয়ালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এবং তিনি বিচারাধীন। তাই আপাতত দয়াল চুক্তির আওতায় থাকলেও, তাঁকে খেলানো হবে না বলেই মো বোবাট জানান।
