নয়াদিল্লি: সপ্তাহান্তেই শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2026) মহারণ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচেই মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তবে টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেই আরসিবি শিবিরে বিরাট ধাক্কা। সম্ভবত গোটা টুর্নামেন্টেই আর তারকা ফাস্ট বোলারের খেলা হবে না।
আরসিবির তারকা বোলার জশ হ্যাজেলউড দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ছিলেন। তাঁর ফিটনেস নিয়ে ছিল প্রবল সংশয়। তবে এখানে হ্যাজেলউডের কথা হচ্ছে না। এমনকী হ্যাজেলউড তো টুর্নামেন্ট শুরুর আগে আজই আরসিবি শিবিরে যোগও দিয়েছেন। তবে তাঁর আরসিবির শিবিরে যোগ দেওয়ার দিনই আইপিএল চ্যাম্পিয়নদের দুঃশ্চিন্তা বাড়ল আরেক বিদেশি ফাস্ট বোলারকে নিয়ে। তিনি নুয়ান থুসারা (Nuwan Thushara)।
The Myth. The Legend. The 𝗛𝗮𝘇𝗹𝗲𝗚𝗢𝗗. 🙇♂️
Back in Red, Blue, and Gold. Back to BLR. Just where he truly belongs. 🏠🔥
Bengaluru, our ⭐️ has returned. ❤️🔥#PlayBold #ನಮ್ಮRCB #IPL2026 pic.twitter.com/hgoBrGboJq
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 26, 2026
শ্রীলঙ্কান ফাস্ট বোলারও বেশ কয়েকদিন ধরেই চোট সারিয়ে মাঠে ফেরার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছিলেন। আইপিএল যোগদানের জন্য ক্রিকেটারদের নিজেদের দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র লাগে। শ্রীলঙ্কান বোর্ড আগেই এক বিবৃতিতে জানিয়েছিল নুয়ান থুসারা নিজের ফিটনেস প্রমাণ করার জন্য বোর্ডের কাছে আবেদন করবেন। বোর্ড সবটা খতিয়ে দেখে তারপরেই আইপিএল খেলার ছাড়পত্র পাবেন তিনি।
সেই মতোই থুসারা ছাড়পত্রের জন্য আবেদনও করেছিলেন বলে খবর। কিন্তু ফিটনেস প্রমাণ করার জন্য যে পরিমাণ পয়েন্টের দরকার, থুসারা তা পেতে পারেননি। সেই কারণেই রিপোর্টে দাবি করা হচ্ছে লঙ্কান বোর্ড নাকি থুসারাকে ছাড়পত্র দেয়নি। এর ফলে ১.৬ কোটি টাকায় কেনা তারকার আইপিএলে অংশগ্রহণ ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
এক শ্রীলঙ্কান সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী থুসারা আপতত চোটের কবলে নেই। কিন্তু দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড তাঁর ফিটনেস এবং ম্যাচে নিরন্তর বল করার জন্য আপাতত তিনি কতটা ফিট সেই বিষয়ে সন্দিহান। শ্রীলঙ্কান বোর্ড সম্প্রতি খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলার ছাড়পত্র দেওয়ার বিষয়ে কড়াকড়ি করেছে। তাঁরা বিশেষ পরীক্ষায় পাশ করলে, তবেই তাঁদের ছাড়পত্র দেওয়া হচ্ছে। থুসারা সেই মানদণ্ডে পাস করতে না পারায় তাঁর আইপিএল খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
