নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ এখনও চলছে। সেই আবহেই ভারতীয়দের প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ ইরানের। ভারতীয়দের ধন্যবাদ জানিয়ে বার্তা লেখা হল ক্ষেপণাস্ত্রের গায়ে। আর সেই ক্ষেপণাস্ত্রই ছোড়া হল ইজ়রায়েলে। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। (Iran Thank You India Message)
মুম্বইয়ে ইরানের কনস্যুলেট জেনারেলের তরফে ওই ছবি প্রকাশ করা হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় ছবিটি পোস্ট করে লেখা হয়, ‘ইরানের বায়ুসেনার তরফে স্পেন, পাকিস্তান, ভারত এবং জার্মানির সাধারণ মানুষকে তাঁদের সমর্থন ও সহানুভূতির জন্য ধন্যবাদ জানিয়েছে ইরানের বায়ুসেনা, বিশেষ করে আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে ৮৩তম ক্ষেপণাস্ত্র অভিযানের সময়’। (US Iran War)
মুম্বইয়ে ইরানের কনস্যুলেট জেনারেল যে ছবি প্রকাশ করেছে, তাতে ক্ষেপণাস্ত্রের গায়ে ইংরেজিতে ‘Thank You German People’, ‘Thank You People of India’ লেখা থাকতে দেখা গিয়েছে। একটি ভিডিও-ও সামনে এসেছে, যাতে বার্তা লেখার পরই তীব্র বেগে ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা যায়।
Gratitude from Iran’s Aerospace Force to the people of #Spain, #Pakistan, #India, and #Germany for their support and solidarity; especially during the 83rd wave of missile response to the U.S. and #Israel.#Iran#US#War pic.twitter.com/5QjqIBFiXj
— Consulate General of the I.R. Iran in Mumbai (@IRANinMumbai) March 27, 2026
ইরানের প্রেস টিভি সূত্রে খবর, ‘Operation True Promise 4’-এর আওতায় ৮২তম বার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাতেই বিশেষ বার্তা লেখা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরানের এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকা এবং ইজ়রায়েলের একাধিক জায়গাকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আঘাত হানা হয়েছে তাদের সামরিক পরিকাঠামো, তৈল ভাণ্ডারে।
আমেরিকার আল-ধাফরা এবং আল উদেইরি ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। পাশাপাশি, আলি আল-সালেম এবং শেখ ইসা ঘাঁটিতেও আঘাত হানা হয় বলে দাবি। ইরান জানিয়েছে, দীর্ঘ এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে নিখুঁতক আঘাত হানা হয়েছে। হামলা চালাতে ব্যবহার করা হয়েছে ড্রোনও।
কিন্তু ক্ষেপণাস্ত্রে কেন ভারতীয়দের ধন্যবাদ জানাল ইরান? এর নেপথ্য়ে দুই দেশের পারস্পরিক সুসম্পর্কের কথাই উঠে এসেছে। যুদ্ধপরিস্থিতিতেও ভারতকে ‘বন্ধুদেশ’ বলে উল্লেখ করেছে ইরান। ভারতে যাতে জ্বালানি সঙ্কট দেখা না দেয়, তার জন্য ভারতের জাহাজের জন্য হরমুজও খুলে দয় তারা। পাশাপাশি, ইরানের প্রতি ভারতীয়দের সম্প্রীতি ও সহানুভূতিও এতে অনুঘটকের কাজ করেছে বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতি ইরানের জন্য মুক্তহস্তে দান করতে দেখা যায় জম্মু ও কাশ্মীরের মানুষজনকে। থালাবাসন থেকে গয়না পর্যন্ত দিয়ে দেন সাধারণ মানুষ। নিজেদের জমানো পয়সার ভাঁড়ও দিয়ে দেয় শিশুরা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ভারতে ইরানের দূতাবাস।
