কলকাতা: তিনি খেলা অন্ত প্রাণ। এবিপি আনন্দের সম্পাদক সুমন দে-র প্রশ্নে একবার সাফ জানিয়েছিলেন, তাঁর প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল। সম্প্রতি নিজের পডকাস্ট শোয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করেছিলেন, ইস্টবেঙ্গল ক্লাবের হাল কবে ফিরবে? পাশাপাশি আর্জেন্তিনা ফুটবল দলের ভক্ত। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের পর আনন্দে মেতেছিলেন। আর্জেন্তিনার জার্সি পরে খেলা দেখেছিলেন। ইডেন গার্ডেন্সেও ছিল অবাধ যাতায়াত। ভারতের ম্য়াচ হোক কিংবা আইপিএল, ইডেনে খেলা দেখতে হাজির হয়ে যেতেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবিও রয়েছে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর মৃত্যুতে অভিনয় জগতের পাশাপাশি খেলার মাঠেও শোকের ছায়া। আইপিএলের মাঝেই শোকপ্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমরা মর্মাহত। ওর প্রিয়জনেদের জন্য সমবেদনা রইল।’
সোমবার রাহুলের শেষযাত্রায় তাঁকে সম্মান জানায় ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের প্রতিনিধিরা গিয়ে মরদেহে মাল্যদান করেন। রাহুলের মরদেহে রেখে দেওয়া হয় প্রিয় দল আর্জেন্তিনার জার্সি।
সিএবি প্রেসিডেন্ট সৌরভ বলেছেন, ‘ও শুধু দাদাগিরিতে এসেছিল বলে নয়, আমি ওকে ব্যক্তিগতভাবেও চিনতাম। কেন যে এত ঝুঁকি নেয়। কেন যে জলে নামে।’
মাত্র ৪৩ বছর বয়সে খসে পড়েছে এক উজ্জ্বল তারা। শ্যুটিংয়ের ফাঁকে দীঘা নিকটবর্তী তালসারিতে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। গোটা অভিনয় জগতে শোকের ছায়া। রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, বিশ্বাসই হচ্ছে না কারও।
রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ ওপার বাংলাও। অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, সকলেই শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় জয়া আহসান লম্বা পোস্ট করেছেন রাহুলের স্মৃতিতে। মর্মাহত বাংলাদেশের আর এক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও। যিনি পশ্চিমবঙ্গেও একাধিক সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন। এখানেও তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী।
সোমবার তমলুক হাসপাতালে রাহুলের দেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, সম্ভবত ১ ঘণ্টারও বেশি সময় ধরে জলে ডুবেছিলেন রাহুল। তাঁর ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ঢুকে যায়। ফুসফুসের আকার ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফুসফুসের ভেতর অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে, বালি এবং নোনা জল। এখানেই শেষ নয়, রাহুলের খাদ্যনালির ভেতরেও মিলেছে বালি-নোনা জল। ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা হয় না। আশঙ্কা করা হচ্ছে, ১ ঘণ্টারও বেশি সময় ধরে জলের তলায় ছিলেন রাহুল। তাঁকে উদ্ধার করা যায়নি।
