মুম্বই: কিছুদিন আগেই তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এসেছে। দেশের মাটিতে প্রথম দল হিসেবে কুড়ির ফর্ম্য়াটে বিশ্বজয়ের নজির গড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দেশর অধিনায়ককেই ফ্র্যাঞ্চাইজি লিগে না কি ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে খেলতে হচ্ছে শেষ পর্যন্ত। কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে সূর্যকুমার যাদবকে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে খেলানো হয়েছিল। যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যিনি দেশের জার্সিতে ক্যাপ্টেন, তাঁকে কি কম গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগে?
এবারের আইপিএলে কেকেআরের বিরুদ্ধে খেলা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিক পাণ্ড্য টস করতে এসেই জানিয়ে দিয়েছিলেন সূর্যকুমার ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন। এটা শোনার পরই কিছুটা অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা দর্শকরাও। সূর্যকুমার কেকেআরের ব্য়াটিংয়ের সময় ফিল্ডিং করেননি মুম্বই ইন্ডিয়ান্স তারকা। যদিও পরে ব্যাট হাতে নেমেছিলেন সূর্য।
এবার সূর্যকুমার যাদবকে নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের হেডকোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ”আমি আশা করব সূর্যকুমারকে নিয়ে বিস্তর যে জল্পনা হচ্ছে, তা এবার বন্ধ হয়ে যাবে। সূর্যকুমারের কুঁচকিতে টান লেগেছিল। তার জন্যই আমি সময় নিতে বলেছিলাম। আমি চাইনি এই পরিস্থিতিতে মাঠে নামুক সূর্য। পরের ম্য়াচের আগে সময় আছে। সেই সময়টা ওর জন্য গুরুত্বপূর্ণ। ও অনুশীলন শুরু করেছে ইতিমধ্যেই। কোনও ভুল খবর ছড়িয়ে যাক, একদমই চাইব না।”
উল্লেখ্য, প্রথম ম্য়াচে ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে ২২১ রান তাড়া করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অন্য়দিকে রিয়ান রিকেলটন ৮১ রান করেন। বল হাতে শার্দুল ঠাকুর ৩৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের বিরুদ্ধে। কেকেআরের জার্সিতে অজিঙ্ক রাহানে ও ফিন অ্য়ালেন এদিন ওপেনিংয়ে নেমেছিলেন ব্য়াট হাতে। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করেন ২ নাইট ওপেনার। কলকাতা এদিন একাদশে খেলিয়েছিলেন ফিন অ্য়ালেনের সঙ্গে তিন বিদেশি হিসেবে ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন ও ব্লেজিং মুজারাবানিকে। অর্ধশতরান হাঁকাতে না পারলেও ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও দুটো ছক্কায়। তবে রাহানেকে নিয়ে হাজারো প্রশ্ন ছিল। তাঁর বয়স হয়ে গিয়েছে। টি-টোয়েন্টির জন্য় একেবারেই না কি উপযুক্ত নয়। এদিন কিন্তু অনেক প্রশ্নের উত্তর ব্যাটে দিলেন অভিজ্ঞ এই ব্যাটার।
