April 2, 2026
0e80b62b28bff73ddfbd241f23299903177512623709950_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: দুই দলেরই ব্যাটিং বিভাগ বারুদে ঠাসা। একদিকে যদি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ৩৩ বলে সেঞ্চুরি করা ফিন অ্যালেন কিংবা রকেট রিঙ্কু সিংহ থাকেন, তো অন্য দিকে তাল ঠুকতে তৈরি অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, পকেট ডায়নামো ঈশান কিষাণ।

দুই শিবিরের কাছেই টি-২০ ক্রিকেটে দুশো তোলা জলভাত। চার-ছক্কার ঝড় তোলার মতো একাধিক বিগহিটার দলে।

অথচ দুই দলই প্রথম ম্যাচ হেরেছে। দুশোর ওপর স্কোর তোলার পরেও। যা দুই দলের বোলিংয়ের কঙ্কালসার চেহারাটা প্রকট করে দিচ্ছে।

কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার আইপিএলে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে যারা। কেকেআর যেমন মাথিশা পাথিরানা, হর্ষিত রানা, আকাশ দীপদের হারিয়ে পেস বোলিংয়ের ধার খুইয়েছে, হায়দরাবাদ সেরকমই শুরুর দিকে অন্তত পাচ্ছে না অধিনায়ক প্যাট কামিন্সকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আগের ম্যাচে ব্রাইডন কার্স হাতে চোট পেয়েছেন এবং কেকেআরের বিরুদ্ধে প্রবল অনিশ্চিত। 

ইডেনে দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া দুই শিবিরই। ঘরের মাঠে প্রথম ম্যাচে নামছে কেকেআর। যে পিচে খেলা হবে, সেই উইকেটেই টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজ়িল্যান্ড সেমিফাইনাল ম্যাচ হয়েছিল। যে ম্যাচে ৩৩ বলে সেঞ্চুরি করে ফিন অ্যালেন প্রোটিয়া শিবিরকে দুঃস্বপ্নের রাত উপহার দিয়েছিলেন। বৃহস্পতিবারের ম্যাচের উইকেটেও বড় রান উঠবে, পূর্বাভাস ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের।

সেই ম্যাচে দলগঠনে কি চমক দেবে কেকেআর? কাদের দেখা যেতে পারে নাইটদের একাদশে? ইমপ্যাক্ট প্লেয়ারই বা কে হতে পারেন?

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগের ম্যাচে হাতে চোট পেয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে নাইট ভক্তদের উদ্বেগ কমিয়ে রাহানে ফিট। ম্যাচে খেলবেনও। তিনিই সম্ভবত অ্যালেনের সঙ্গে ইনিংস ওপেন করবেন। ব্যাটিং অর্ডারের তিন থেকে ছয়ে ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিংহ ও রামনদীপ সিংহের খেলা নিশ্চিত। দুই পেসার হিসাবে ব্লেসিং মুজারাবানি ও বৈভব অরোরা এবং দুই স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর খেলাও নিশ্চিত। প্রশ্ন হচ্ছে, একাদশ সদস্য কে? ইমপ্যাক্ট হিসাবে কে খেলবেন?

আগের ম্যাচে অনুকূল রায় তৃতীয় স্পিনার হিসাবে খেলেছিলেন। কিন্তু ইডেনের পিচের যা চরিত্র, তাতে তৃতীয় স্পিনার খেলানোর জায়গা রয়েছে কি না, চিন্তাভাবনা করছে নাইট শিবির। সেক্ষেত্রে কি তৃতীয় পেসার হিসাবে কার্তিক ত্যাগী একাদশে ফিরবেন? যিনি আগের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিলেন। কারও কারও মনে হচ্ছে, উমরন মালিকের মতো এক্সপ্রেস গতির কাউকেও খেলানো হতে পারে। যাঁর বলের গতি ইডেনের পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কেকেআর শিবির কি চমক দেবে? নাকি ধরে রাখবে আগের ম্যাচের দলই?

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার

ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, রামনদীপ সিংহ, অনুকূল রায়, সুনীল নারাইন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি, কার্তিক ত্যাগী

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ (উইকেটকিপার ও অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত বর্মা, সলিল অরোরা, লিয়াম লিভিংস্টোন, ডেভিড পেইন, হর্ষল পটেল ও জয়দেব উনাদকট

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks