Donald Trump: ‘পুরো ইরান উড়িয়ে দেব’, ফের ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্পের। তাঁর দেওয়া সময়সীমা পেরনোর মধ্যে যদি তেহরান ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তিতে রাজি না হয়, তাহলে পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। আমেরিকা হামলা করলে তা প্রতিশোধ নেবে তারা। ইজরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন পরিকাঠামোতে চলবে জোরদার হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, হয় ইরানকে তাদের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হতে হবে। নয়তো খুলে দিতে হবে হরমুজ প্রণালী। নাহলে নারকীয় পরিস্থিতির সম্মুখীন হবে ইরান। যদিও ট্রাম্পের এসব হুমকিকে পাত্তাই দিচ্ছে না ইরান। বরং তাদের দাবি, ট্রাম্প অসহায়তার মধ্যে অস্থির হয়ে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন। নির্বোধের মতো বোকা বোকা হুমকি দিচ্ছেন।
একাধিক মার্কিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টায় যদি ইরানের তরফে কোনও শান্তি চুক্তি না হয়, তাহলে পুরো ইরান উড়িয়ে দেব।’ Axios and Fox নিউজ সূত্রে খবর ট্রাম্প বলেছেন, ‘ইরানের কাছে ভাল সুযোগ ছিল। কিন্তু যদি ওরা চুক্তি না করে তাহলে ওখানে যা আছে আমি সব জ্বালিয়ে দেব।’ মার্কিন প্রেসিডেন্ট এও বলেছেন, ‘ইরান বিধ্বস্ত হয়ে গিয়েছে। দিন যত এগোবে, পরিস্থিতি আরও খারাপ হবে।’ একেবারে সময় উল্লেখ করে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ‘মঙ্গলবার রাত ৮টা, ইস্টার্ন টাইম অনুসারে’, যা ভারতীয় সময়ে বুধবার ভোরবেলার দিকের সময়। অনুমান, এই সময়ের পরেই হয়তো ইরানে হামলা করবে আমেরিকা। ইরানও যে পাল্টা জবাব দেবে এবং বেশ জোরকদমেই দেবে, সেটাও মোটামুটি স্পষ্ট।
