June 10, 2026
e17dfd7ad678d9f4eb5b77d9a1eef9951775848539839507_original.jpg
Spread the love


গুয়াহাটি: লক্ষ্য ছিল ২০২ রান, বর্তমান সময়ে টি-২০তে এই রান হামেশাই হয়। অবশ্য দু’শোর ওপর রান তাড়া করে ম্যাচ জেতা কোনও সময়েই সহজ নয়। কিন্তু শুরুতেই বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) বিধ্বংসী ইনিংস এবং পরে ধ্রুব জুড়েলের (Dhruv Jurel) পরিপক্ক অর্ধশতরানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১২ বল ও ছয় উইকেট বাকি থাকতে রীতিমতো হেসেখেলে হারাল রাজস্থান রয়্যালস (RR vs RCB)। 

এদিন ব্যাটে নেমে নিজেদের স্বভাবচিত ভঙ্গিমায় ইনিংস শুরু করেন যশস্বী জয়সওয়াল ও বৈভব। তবে চলতি আইপিএল মরশুমে প্রথমবার পাওয়ার প্লের মধ্যে উইকেট হারায় রাজস্থান রয়্যালস। চোট সারিয়ে মাঠে ফিরেই প্রথম ওভারে জশ হ্যাজেলউড ১৩ রানে যশস্বী জয়সওয়ালকে সাজঘরে ফেরান। তবে তাতে বৈভবের ব্যাট কিন্তু থামেনি। কে বলবে তাঁর বয়স মাত্র ১৫ বছর। বিশ্বের সেরা বোলারদের অন্যতম, একাধিক বিশ্বকাপ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সব জিতে নেওয়া জশ হ্যাজেলউডের বিরুদ্ধে বৈভব যেমনভাবে নিজের ইনিংস শুরু করে, তারপরে অন্তত তার ‘বিস্ময় বালক’-র তকমা নিয়ে আর কোনও প্রশ্ন থাকতে পারে না।

গত ম্যাচে বুমরাকে ছক্কা হাঁকিয়ে স্বাগত জানিয়েছিল বৈভব, এদিন হ্যাজেলউডের বিরুদ্ধে নিজের প্রথম বলেই বাউন্ডারি মারে টিনএজ তারকা। দেখতে দেখতেই ১৫ বলে অর্ধশতরানও পূরণ করে ফেলে সে। অপরপ্রান্তে তখন জুড়েল কেবল দর্শক। নিজের ভূমিকা খুব ভালভাবেই বুঝে যান রাজস্থানের কিপার-ব্য়াটার। সিঙ্গেল নাও, বৈভবকে স্ট্রাইকে আন, এই পরিকল্পনাই নেন জুড়েল। তাতে লাভও হয়। পাওয়ার প্লের ছয় ওভারেই এক উইকেটে ৯৭ রান তুলে ২০২ রানের টার্গেটকে খুব সহজ করে ফেলে রাজস্থান রয়্যালস।

এক বিধ্বংসী সেঞ্চুরির দিকে এগোচ্ছিল বৈভব, তবে তার ইনিংসে বিরাম লাগান ক্রুণাল পাণ্ড্য। ২৬ বলে ৭৮ রান করে ফিরতে হয় তাকে। পরের বলেই ক্রুণাল শিমরন হেটমায়ারকেও ফেরান। ঠিক পরের ওভারে হ্যাজেলউডের বলে তিন রানে ফেরেন রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। পাঁচ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে একটু চাপে পড়ে রাজস্থান। নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফেরার আশাও দেখছিল আরসিবি।

তবে এই সময়ে পরিপক্কতা দেখান জুড়েল এবং অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা। প্রথমে পরিস্থিতি সামাল দিয়ে খানিকটা সময় আরসিবি বোলারদের গোলাগুলি সামলে, ধীরে ধীরে তাঁরা ইনিংস এগিয়ে নিয়ে যান। তারপর সময় বুঝে ব্যাট চালান জুড়েল। ২৫ বলে তিনি অর্ধশতরান পূরণ করেন। শেষমেশ ৮১ রানে অপরাজিত থেকে তিনি ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। অপরপ্রান্তে ২৪ রানে অপরাজিত থাকেন জাডেজাও। সহজে ম্যাচ জিতে নেয় রয়্যালসরা।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks