কলকাতা : আজ পয়লা বৈশাখ ( Poila Boisakh ) । বাংলা বছরের প্রথম দিন। এদিন সোনা কেনা অনেকেই শুভ মনে করেন। নতুন বছরের শুরুতেই তাই গয়নার দোকানে ভিড় বাড়ে, আর নজর থাকে সোনার দামের দিকে। বাংলা বছর ১৪৩৩-এর প্রথম দিনে সোনার দামে কী পরিবর্তন হল, দেখে নেওয়া যাক।
সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
প্রকাশিত দর অনুযায়ী, ১৫ এপ্রিল ২০২৬ (পয়লা বৈশাখ)-এ ফাইন গোল্ড (৯৯৫) প্রতি গ্রামে দাঁড়িয়েছে ১৫,২৭৬ টাকা। ২২ ক্যারেট (৯১৬) সোনার বিক্রয় মূল্য ১৪,৫১৫ টাকা এবং ক্রয় মূল্য ১৩,৯০০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ১১,৯১৫ টাকা প্রতি গ্রাম। পাশাপাশি, রুপোর দামও নজরে—১ কেজি সিলভার বার (৯৯৯) রয়েছে ২,৫৫,৬০৫ টাকায় (GST বাদে)।
দাম বাড়ল না কমল?
এবার যদি আগের দিনের সঙ্গে তুলনা করা যায়, অর্থাৎ ১৪ এপ্রিল ২০২৬-এর দামের দিকে নজর দিই, তাহলে দেখা যাচ্ছে সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা। ওইদিন ফাইন গোল্ড (৯৯৫) ছিল ১৫,১১৮ টাকা প্রতি গ্রাম, যা আজ বেড়ে হয়েছে ১৫,২৭৬ টাকা—অর্থাৎ একদিনে বৃদ্ধি ১৫৮ টাকা।
একইভাবে, ২২ ক্যারেট সোনার বিক্রয় মূল্য ছিল ১৪,৩৬৫ টাকা, যা আজ বেড়ে ১৪,৫১৫ টাকা হয়েছে—বৃদ্ধি ১৫০ টাকা। কেউ যদি সোনাা বিক্রি করে দিতে চান, তাঁরা গতকাল প্রতি গ্রামে ১৩,৭৫৭ টাকা করে পাচ্ছিলেন। আজ তা বেড়ে ১৩,৯০০ টাকায় পৌঁছেছে।
১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও একই ছবি—১১,৭৯৫ টাকা থেকে বেড়ে আজ হয়েছে ১১,৯১৫ টাকা, অর্থাৎ ১২০ টাকা বৃদ্ধি।
রুপোর দাম
শুধু সোনাই নয়, রুপোর দামেও চোখে পড়ার মতো উত্থান হয়েছে। ১৪ এপ্রিল যেখানে ১ কেজি সিলভার বার ছিল ২,৪২,৭৬৬ টাকা, সেখানে আজ তা বেড়ে হয়েছে ২,৫৫,৬০৫ টাকা—প্রায় ১২,৮৩৯ টাকার লাফ।
বিশেষজ্ঞদের মতে, নতুন বছরের শুরুতে চাহিদা বৃদ্ধির জেরে সোনার দামে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া-র মতো শুভ দিনে সোনা কেনার প্রবণতা থাকায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।সব মিলিয়ে বলা যায়, বাংলা নববর্ষের শুরুতেই সোনা ও রুপোর বাজারে উত্থানের ইঙ্গিত মিলেছে। যারা আজ সোনা কিনতে চাইছেন, তাদের জন্য দাম কিছুটা বেশি হলেও, শুভ লগ্নে কেনার আগ্রহে ভাটা নেই।
