April 17, 2026
44d99d687d8add564b0df1a7b111ce201776440333220206_original.jpg
Spread the love


আমদাবাদ: অবশেষে কিছুটা স্বস্তির আবহ আইপিএলে (TATA IPL 2026) কলকাতা নাইট রাইডার্স শিবিরে। পাঁচ ম্যাচের টানা ব্যর্থতার পর রানে ফিরলন ক্যামেরন গ্রিন (Cameron Green)। কেকেআরের ২৫.২০ কোটির অজি অলরাউন্ডারের ব্যাট থেকে এল ঝোড়ো অর্ধশতরান। 

চাপ ছিলই। সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল তাঁকে নিয়ে। বীরেন্দ্র সহবাগের মত প্লেয়ার মন্তব্য করেছিলেন যে কেকেআর যেন গ্রিনকে বাদ দিয়েই একাদশ সাজায়। অনেক প্রাক্তন ক্রিকেটার গ্রিনের পারফরম্য়ান্সে বিরক্তি প্রকাশ করেছিলেন। কিন্তু কেকেআর ম্য়ানেজমেন্ট গুজরাত ম্য়াচেও ভরসা রেখেছিলেন অজি অলরাউন্ডারের ওপর। টসের সময়ই রাহানে বলে দিলেন যে শুধুমাত্র অ্য়ালেনের পরিবর্ত হিসেবে সেইফার্টকে খেলানো হচ্ছে, এছাড়া দলে আর কোনও বদল নেই। তখনই পরিষ্কার হয়ে যায় যে গ্রিন খেলছেন ফের একাদশে। 

প্রথমে ব্যাটিং করতে নেমেছিল কেকেআর। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষেই গ্রিন আসেন ক্রিজে। দলের স্কোর তখন ২১/২। স্বাভাবিকভাবেই পাহাড়প্রমাণ প্রত্যাশার চাপ নিয়েই মাঠে নেমেছিলেন। শুরুতে ব্যাটিংয়েও সেই  আড়ষ্টতা লক্ষ করা যাচ্ছিল। একটা সময়ে ২৯ বলে ২৭ রান করে ব্যাট করছিলেন। উল্টোদিকে তখন কিছুটা চালিয়ে খেলছিলেন রভমন পাওয়েল। সেখান থেকেই ৩৪ বলে ঝোড়ো অর্ধশতরান। রশিদ খানকে আক্রমণ করা শুরু করেছিলেন। এরপরের কয়েকটি ওভারে গ্রিন শুধু বল পাঠালেন গ্যালারিতেই। ইনিংসের একদম শেষ বলে রশিদ খানেরই শিকার হয়ে ফিরলেন ক্যামেরন গ্রিন। তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৫৫ বলে ৭৯। সাতটি বাউন্ডারি ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল গ্রিনের ইনিংসটি। মূলত তাঁর ব্যাটিংয়ের সুবাদেই কেকেআর নির্ধারিত ২০ ওভারে এদিন ১৮০ রান বোর্ডে তুলতে সক্ষম হয়।

এদিন কেকেআরের হয়ে খাতাই খুলতে পারেননি ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। তিনি মহম্মদ সিরাজের বলে ইনিংসের চতুর্থ বলেই ক্যাচ আউট হয়ে ফিরে যান। সহ অধিনায়ক রিঙ্কু সিংহও ১ রানের বেশি করতে পারেননি। সুনীল নারাইন এদিন আট নম্বরে নেমে খাতা খুলতে পারেননি। একমাত্র রভমন পাওয়েল ২০ বলে ২৭ রানের ইনিংস খেলেন ২টো বাউন্ডারি ও দুটো ছক্কার সাহায্য়ে। লোয়ার অর্ডারে রমনদীপ সিংহ ৮ বলে ১৭ রান করেন। দুটো বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি নিজের ইনিংসে। গ্রিনকে পাওয়েল ও রমনদীপ যদি সাহায্য না করতেন, তাহলে হয়ত কেকেআর ১৮০ পর্যন্তও পৌঁছাতে পারত না। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks