সন্দীপ সরকার, কলকাতা: চলতি আইপিএলে (IPL 2026) প্রথম জয়। বহুকাঙ্খিত ২ পয়েন্ট। রাজস্থান রয়্যালসকে হারানোর পরের দিনই কলকাতা নাইট রাইডার্স শিবির পেয়ে গেল বিরাট খুশির খবর।
ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিসে নেমে পড়লেন দলের ১৮ কোটি টাকার পেসার। যাঁকে এবারের নিলাম থেকে তুলে নিয়ে চমক দিয়েছিল কেকেআর। কিন্তু চোটের কারণে খেলা তো দূর অস্ত, দলের সঙ্গে যোগও দেননি মাথিশা পাথিরানা।
অবশেষে তিনি ফিট। কলকাতায় এসে পৌঁছেছেন। সোমবার ইডেনে প্র্যাক্টিসও করলেন।
এমনিতে নাইট শিবির থেকে জানানো হয়েছিল যে, রবিবার ম্যাচ খেলার ধকল কাটাতে সোমবার বিশ্রামে কাটাবেন ক্রিকেটারেরা। তবে বিকেলে আচমকাই ইডেনে হাজির হয়ে যান পাথিরানা। সঙ্গে মেন্টর ডোয়েন ব্র্যাভো, সহকারী কোচ শেন ওয়াটসন, বোলিং কোচ টিম সাউদিরা। কেকেআরের জার্সিতে প্রথম ট্রেনিং সেশন ছিল পাথিরানার। নেটে বলও করেন শ্রীলঙ্কার ক্রিকেটার। লাসিথ মালিঙ্গার মতো স্লিঙ্গিং বোলিং অ্যাকশনের জন্য যাঁকে বেবি মালিঙ্গাও বলেন অনেকে।
নিলামের টেবিল থেকে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। তিনি হতে পারতেন কেকেআরের সেরা বোলিং অস্ত্র। অথচ সেই মাথিশা পাথিরানাই হয়ে দাঁড়িয়েছিলেন দলের অন্যতম উদ্বেগের কারণ। শ্রীলঙ্কার পেসারকে ডেথ ওভার আর ইয়র্কার স্পেশ্যালিস্ট হিসাবে পরিকল্পনা করে এগোচ্ছিল কেকেআর। কিন্তু টি-২০ বিশ্বকাপের সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান পাথিরানা। বেবি মালিঙ্গা নামে পরিচিত পেসারকে আদৌ আইপিএলে পাওয়া যাবে কি না, তা নিয়েই এক সময় তৈরি হয়েছিল সংশয়।
ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে শহরে পৌঁছেছেন পাথিরানা। রাজস্থান ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেন তিনি। তবে রাজস্থানের বিরুদ্ধে খেলেননি। কেকেআর শিবির থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, রবিবার দুপুরের ম্যাচ। অর্থাৎ, কলকাতায় এসে প্র্যাক্টিসের কোনও সুযোগই ছিল না শ্রীলঙ্কার ফাস্টবোলারের। প্র্যাক্টিসে না দেখে তাঁকে সরাসরি ম্যাচ খেলানোর ঝুঁকি নেয়নি অভিষেক নায়ার-অজিঙ্ক রাহানের টিম ম্যানেজমেন্ট।
নাইট শিবিরের একজন রাজস্থান ম্যাচের আগেই বলেছিলেন, ‘দলের সঙ্গে যোগ দেওয়ার পর অন্তত দু-তিনটি প্র্যাক্টিস সেশন না কাটিয়ে কী করে কেউ সরাসরি ম্যাচে খেলে দেবে? চোট সারিয়ে ফিরছে পাথিরানা। ওকে নিয়ে দল সতর্কতা অবলম্বন করেই চলবে। তাড়াহুড়ো করা হবে না। কয়েকদিন দলের সঙ্গে প্র্যাক্টিস করিয়ে আগে দেখে নেওয়া হবে ওকে।’
অবশেষে নেটে বোলিং শুরু করলেন পাথিরানা। পরের ম্যাচ এক সপ্তাহ পরে। সেই ম্যাচে পাথিরানাকে পাবে কেকেআর।
