নয়াদিল্লি: ইজ়রায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা নিয়ে ভারতের সমালোচনা করলেন রাষ্ট্রপুঞ্জের অধিকৃত প্যালেস্তাইন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্র্যাঞ্চেস্কা আলবানিজ। তাঁর যুক্তি, বেআইনি দখলদারি কায়েম রাখা রাষ্ট্রের সঙ্গে ব্যবসা-বাণিজ্য়, অস্ত্রশস্ত্র কেনাবেচায় নিষেধাজ্ঞা রয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালতের। ফ্র্যাঞ্চেস্কার মতে, ভারতের পদক্ষেপে সেই বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে বলে ধরা হতে পারে। (Francesca Albanese Criticises India Israel Relations)
‘দ্য হিন্দু’-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ফ্র্যাঞ্চেস্কা। তাঁর কথায়, “স্পষ্ট আইনি দায়বদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক ন্যায় আদালত দখলদারিকে বেআইনি ঘোষণা করেছে এবং বিধিনিষেধ আরোপ করেছে যে বেআইনি দখলদারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করা যাবে না, অস্ত্রশস্ত্র কেনাবেচা করা যাবে না।” (India-Israel Relations)
ফ্র্যাঞ্চেস্কা জানিয়েছেন, প্যালেস্তাইনে যে গণহত্যা চালিয়েছে ইজ়রায়েল, তা নিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক ন্যায় আদালতে বিচারের সম্মুখীন হতে হচ্ছে তাদের। ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ ঘটানোয় অভিযুক্ত।
এমন পরিস্থিতিতে ইজ়রায়েলের সঙ্গে দহরম মহরম রাখা কতটা যুক্তিসঙ্গত, প্রশ্ন তুলেছেন ফ্র্যাঞ্চেস্কা। তাঁর বক্তব্য, “আন্তর্জাতিক আইনের আওতায় বিধিনিষেধ লঙ্ঘন করছে ভারত এবং তার দায়ও পোহাতে হতে পারে ভারতকে।” যে যে দেশ ইজ়রায়েলকে সমর্থন করছে, যাতে প্যালেস্তাইনের ক্ষতি হচ্ছে, তাদের সকলকেই আইনি প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে মত তাঁর।
২০২৩ সালের অক্টোবর মাসে নতুন করে ইজ়রায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্যালেস্তাইন, বিশেষ করে গাজ়া এবং ওয়েস্টব্যাঙ্ক কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ৭২ হাজার ৫০০ প্যালেস্তিনীয় মারা গিয়েছেন গাজ়ায়। মৃতদের মধ্যে প্রায় ২০ হাজার শিশু রয়েছে। আহত হয়েছেন প্রায় ১ লক্ষ ৭২ হাজার মানুষ।
সেই নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে ‘Torture and Genocide’ শীর্ষক একটি রিপোর্ট পেশ করেছিলেন ফ্র্যাঞ্চেস্কা। প্রাতিষ্ঠানিক ভাবে প্যালেস্তিনীয়দের উপর অত্যাচার চালানো হচ্ছে, গাজ়াকে ‘Torture Camp’ বলে উল্লেখ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, যে ১৮ হাজার ৫০০ জনকে গ্রেফতার করেছে ইজ়রায়েল, তার মধ্যে ১৫০০ শিশুও রয়েছে। ইজ়রায়েলের হাতে পড়ে নিখোঁজ প্রায় ৪০০০ প্যালেস্তিনীয়।
সেই ইজ়রায়েলের সঙ্গে দহরম মহরম নিয়েই ভারতের সমালোচনা করেছেন ফ্র্যাঞ্চেস্কা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইজ়রায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার ঠিক দু’দিন পরই আমেরিকার সঙ্গে মিলে ইরানে হামলা চালায় ইজ়রায়েল। সেই সময় ভারতের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন ওঠে দেশের অন্দরেও। ইজ়রায়েল সফরের সময় নিয়ে এবং পরবর্তীতে ইরান-যুদ্ধ নিয়ে সরকারের ভূমিকায় প্রশ্ন তোলে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এবার ফ্র্যাঞ্চেস্কা মুখ খুললেন। ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এ নিয়ে।
