মুম্বই: চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের (MI vs CSK) ম্যাচ মানেই টানটান উত্তেজনা, সম্মানের লড়াই, আর সেই লড়াইয়ের আঁচ অনেক সময়ই ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের বাকযুদ্ধে জড়িয়ে পড়ার মাধ্যমেও ফুটে উঠে। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল আইপিএলের ‘এল ক্লাসিকো’-তেও ফের একবার এমনই এক ঘটনা দেখা গেল।
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং ইনিংসের দশম ওভারে ঘটনাটি ঘটে। সিএসকের ওভারটনের করা বল লেগ সাইডে ফ্লিক করে এক রান সম্পূর্ণ করার পর আরেক রানের প্রচেষ্টা করেন তিলক বর্মা (Tilak Varma)। তিনি সফল হননি। তবে বোলার এন্ডে বল ধরার পরেই হঠাৎ দেখা যায় তিলক এবং জেমি ওভারটনের (Jamie Overton) একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছেন। তিলককে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বেশ উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। ওভারটনও অপরপ্রান্ত থেকে পাল্টা মন্তব্য করে যাচ্ছিলেন। পরিস্থিতি বুঝে সবটা শান্ত করতে সূর্যকুমার যাদব এগিয়ে আসেন। কয়েক সেকেন্ড পরেই সবটা ঠিকঠাক হয়ে যায়। এই ঘটনাই সোশ্যাল মিডিয়ায় অনেকের নজর কেড়ে নিয়েছে। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও।
অবশ্য ওভারটন ও তিলকের মধ্য়ে বাক্য়ের লড়াই দেখা গেলেও, এদিন ম্যাচের মধ্যে ব্যাট বলের তেমন লড়াই চোখে পড়ল না। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের আইপিএল ইতিহাসের সবথেকে বড় জয় পায় সিএসকে। অপরদিকে, পল্টনরাও নিজেদের ইতিহাসের সবথেকে বড়, ১০৩ রানের ব্যবধানে পরাজিত হয়।
Heat. Pressure. Drama 😤
This rivalry never disappoints 🔥#TATAIPL 2026 | #MIvCSK | LIVE NOW 👉 https://t.co/vkBKeocOG2 pic.twitter.com/hETDJPFFK3
— Star Sports (@StarSportsIndia) April 23, 2026
এদিন ব্যাট করতে নেমে চেন্নাইয়ের হয়ে ঝোড়ো শতরান হাঁকিয়েছিলেন সঞ্জু স্যামসন। ৫৪ বলে নিজের ১০১ রানের অপরাজিত ইনিংসটি খেলেন স্যামসন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ছয়টি ছক্কা হাঁকান ডানহাতি উইকেট কিপার ব্যাটার। এই ইনিংসের সুবাদেই বোর্ডে ছয় উইকেটে ২০৭ রান তোলে সিএসকে। পল্টনদের জবাবে বড় রানের লক্ষ্যে শুরুটা ভাল করা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকায় শুরু থেকেই চাপে পড়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। ফলত ১০৪ রানেই গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংসে। ঐতিহাসিক জয় পায় হলুদ ব্রিগেড।
