Summer Smartphone Using Tips: সূর্যের প্রখর তাপ শুধু আপনার ত্বকেরই নয়, আপনার স্মার্টফোনেরও বারোটা বাজিয়ে দিতে পারে! সামান্য অসাবধানতায় শখের ফোনটি অকেজো হয়ে যাওয়া এমনকি বিস্ফোরিত হওয়ার ঝুঁকিও থাকে। এই গরমে আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে কী করতে হবে আপনাকে।
গ্রীষ্মের দাবদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন আপনার হাতের স্মার্টফোনটিও কিন্তু সমানভাবে ভুগছে। অত্যধিক তাপমাত্রা ফোনের ব্যাটারি, প্রসেসর এবং ডিসপ্লের মারাত্মক ক্ষতি করতে পারে। স্মার্টফোনকে ‘হিট স্ট্রোক’ থেকে বাঁচাতে এই ৫টি পরামর্শ মেনে চলুন।
১. সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকুন
রোদে দাঁড়িয়ে ফোন ব্যবহার করা বা দীর্ঘক্ষণ ফোন কল করা ফোনকে দ্রুত উত্তপ্ত করে। সরাসরি সূর্যালোক ফোনের ডিসপ্লে প্যানেল এবং ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। চেষ্টার করুন ছায়ায় বসে ফোন ব্যবহার করতে।
২. চার্জ দেওয়ার সময় বিশেষ সতর্কতা
গরমের দিনে ফোন চার্জ করার সময় ঘর যেন ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখুন। ফোন গরম থাকা অবস্থায় কখনোই চার্জে বসাবেন না। এতে ব্যাটারি ফুলে যেতে পারে বা বিস্ফোরণের ঝুঁকি থাকে। ১০০% চার্জ হওয়ার আগেই প্লাগ খুলে ফেলা ভালো।
৩. মোটা ব্যাক কভার খুলে রাখুন
অনেকে ফোনের সুরক্ষায় খুব মোটা বা সিলিকনের কভার ব্যবহার করেন। এগুলো ফোনের ভেতরকার তাপ বের হতে বাধা দেয়। গরমের সময় হালকা কভার ব্যবহার করুন অথবা ফোন বেশি উত্তপ্ত মনে হলে কভারটি খুলে রাখুন।
৪. ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণ করুন
একসাথে অনেকগুলো অ্যাপ চললে প্রসেসরের ওপর চাপ পড়ে, যা ফোনকে দ্রুত গরম করে তোলে। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন এবং ব্লুটুথ, জিপিএস বা ওয়াইফাই কাজ শেষে বন্ধ করে দিন। এতে ফোনের প্রসেসর ঠান্ডা থাকবে।
৫. ফোন উত্তপ্ত হলে কী করবেন?
যদি দেখেন ফোন খুব বেশি গরম হয়ে গেছে, তবে তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করে ফোনটি ‘পাওয়ার অফ’ করে দিন। কোনো ঠান্ডা জায়গায় ফোনটি রাখুন।
সতর্কবার্তা: ফোন ঠান্ডা করতে কখনোই ফ্রিজে রাখবেন না। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডায় ফোনের ভেতরে জলীয় বাষ্প (Moisture) জমে সার্কিট নষ্ট হয়ে যেতে পারে।
