সন্দীপ সরকার, কলকাতা : মাসের শুরুতেই বড় ধাক্কা খেল অটোচালকরা। ফের বাড়ল অটো LPG-র দাম। আর তার জেরেই নতুন করে ভাড়া বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে শহর ও শহরতলির বিভিন্ন রুটে। অটোচালক থেকে সাধারণ যাত্রী— সকলেরই কপালে এখন চিন্তার ভাঁজ।
এক লাফে বাড়ল ৬ টাকা ৪৪ পয়সা
গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত অটো LPG-র দাম ছিল লিটার প্রতি ৮২ টাকা ৯৬ পয়সা। বুধবার থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা প্রতি লিটার। অর্থাৎ এক ধাক্কায় লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই ধাপে ধাপে বাড়ছে অটো LPG-র দাম। চলতি বছরের শুরুতে যে জ্বালানির দাম ছিল অনেকটাই কম, তা এখন প্রায় ৯০ টাকা ছুঁই ছুঁই।
কয়েক মাসে কতটা বাড়ল দাম?
অটো LPG-র দামের ঊর্ধ্বগতি স্পষ্ট গত কয়েক মাসের পরিসংখ্যানে—
| তারিখ | প্রতি লিটার দাম |
|---|---|
| ৭ জানুয়ারি | ₹৫১.৬৫ |
| ২ ফেব্রুয়ারি | ₹৫৭.৬৮ |
| ১১ মার্চ | ₹৬২.৬৮ |
| ২০ মার্চ | ₹৭০.৬৮ |
| ১ এপ্রিল | ₹৮২.৯৬ |
| বর্তমানে | ₹৮৯.৪০ |
অর্থাৎ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩১ টাকা ৪৪ পয়সা বেড়েছে অটো LPG-র দাম।
| মাস | দাম বৃদ্ধি |
|---|
| ফেব্রুয়ারি | ₹৬.০৩ |
| মার্চ (প্রথম বৃদ্ধি) | ₹৫.০০ |
| মার্চ (দ্বিতীয় বৃদ্ধি) | ₹৮.০০ |
| এপ্রিল | ₹১২.২৮ |
ভাড়া না বাড়ালে ক্ষতির মুখে চালকরা
অটোচালকদের বক্তব্য, এতদিন জ্বালানির দাম বাড়লেও যাত্রীদের কথা ভেবে ভাড়া বাড়ানো যায়নি। কারণ, এখন যাত্রীদের সামনে একাধিক বিকল্প রয়েছে। টোটো, বাস কিংবা অন্য পরিবহণ ব্যবহার করে সহজেই যাতায়াত করতে পারেন সাধারণ মানুষ। তবে বর্তমান পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলেই দাবি চালকদের একাংশের। এক অটোচালকের কথায়, “ধাপে ধাপে এত দাম বেড়েছে জ্বালানির যে এখন আর আগের ভাড়ায় চালানো সম্ভব হচ্ছে না। গ্যাসের খরচ, গাড়ির মেইনটেন্যান্স— সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে উঠছে।”
যাত্রীদের উপরও পড়তে পারে প্রভাব
অটো ভাড়া বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে নিত্যযাত্রীদের উপর। বিশেষ করে শহরতলি ও স্টেশন সংলগ্ন এলাকায় বহু মানুষ প্রতিদিন অটোর উপর নির্ভর করেন। ফলে নতুন ভাড়া কার্যকর হলে যাতায়াতের খরচ আরও বাড়বে। অনেকেরই আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতা চলতে থাকলে আগামী দিনে অটো LPG-র দাম আরও বাড়তে পারে। আর তাতে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন : ভোট মিটতেই বড় ধাক্কা ! বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, কত হল কলকাতায় ?
