কলকাতা: রান্নার গ্যাস ব্যবহারে এবার বেশ কড়া নিয়ম জারি করেছে কেন্দ্র। জানানো হয়েছে একই বাড়িতে এলপিজি সিলিন্ডার ও পাইপলাইনের গ্যাস সংযোগ, একসঙ্গে রাখা আর যাবে না। যদি কোনও বাড়িতে পাইপলাইনের গ্যাসের সংযোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে এলপিজি কানেকশন বন্ধ করে দিতে হবে।
আরও পড়ুন: ‘অভিষেক নয়, অভিশাপ; MP, MLA-দের চাকর মনে করত’, ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক!
জানা গিয়েছে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশে নতুন এই নিয়ম কার্যকর করা হচ্ছে। এ ছাড়াও এই নির্দেশের পিছনে আইনগত ভিত্তি থাকায় তেল সংস্থাগুলিকেও তা মানতে বাধ্য করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, একটি পরিবার একই সঙ্গে লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (LPG) ও পাইপড ন্যাচরাল গ্যাস (PNG), দুই ধরনের সংযোগ রাখতে পারবে না। PNG চালু থাকলে LPG সিলিন্ডার ফেরত দিতে হবে। এ ছাড়াও PNG ব্যবহারকারীদের LPG রিফিলিংও বন্ধ করা হতে পারে। এ ছাড়াও দেশের তেল সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে সব পরিবারের ইতিমধ্যেই LNG রয়েছে, সেই সব পরিবারকে যেন এলপিজি কানেকশন দেওয়া না হয়।
বিশেষজ্ঞদের দাবি, বিশ্বজুড়ে জ্বালানির সঙ্কটের কারণেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারতের বেশিরভাগ LPG ও প্রাকৃতিক গ্যাস আমদানি করা হয়। ফলে, পশ্চিম এশিয়ার উত্তেজনাময় পরিস্থিতি ও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা জ্বালানির সরবরাহ ও দামের উপর প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই কেন্দ্র চাইছে এলপিজি নির্ভরতা কমিয়ে PNG -কে বেশি গুরুত্ব দিতে।
PNG -এর সুবিধা হল এই গ্যাস পাইপলাইনের মাধ্যমে বাড়িতে পৌঁছে যায়। ফলে, সিলিন্ডারের মাধ্যমে এই গ্যাস সরবরাহের কোনও ঝামেলা নেই। এর ফলে, আমদানি ও পরিবহণে সমস্যা হলেও পরিষেবা অনেক বেশি স্থিতিশীল রাখা যায়। কালোবাজারি কমানো যায়। আর সেই কারণেই PNG ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই গ্যাস সংস্থাগুলো দুই ধরনের সংযোগ থাকা পরিবারগুলোকে চিহ্নিতকরণ শুরু করেছে। অনেক পরিবারের কাছে LPG সিলিন্ডার জমা করার নির্দেশও চলে গিয়েছে। নিয়ম না মানলে বন্ধ করে দেওয়া হবে রিফিলিং। এ ছাড়াও জরিমানাও করা হতে পারে। গ্রাহকদের মোবাইল নম্বর যুক্ত রয়েছে কি না, সেটা যাচাই করতে ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করে KYC আপডেট করার কথাও জানানও হয়েছে।
