চণ্ডীগড়: আইপিএলের (IPL 2026) মাঝেই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে। আচমকা প্রয়াত বিরাট কোহলি, যুবরাজ সিংহদের সতীর্থ। বয়স? মাত্র ৩৬ বছর!
বুধবার চণ্ডীগড়ে প্রয়াত হলেন আমনপ্রীত সিংহ গিল (Amanpreet Singh Gill)। মাত্র ৩৬ বছর বয়স হয়েছিল তাঁর। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার পাশাপাশি পঞ্জাবের হয়েও খেলেছেন। মিডিয়াম পেসার ছিলেন।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে খেলার সময় বিরাট কোহলির সতীর্থ ছিলেন আমনপ্রীত। ২০০৬ সাল থেকে ২০০৮-এর মধ্যে পঞ্জাব ক্রিকেট দলের হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১১টি উইকেট। ২০০৮ সালে প্রথম আইপিএলে পঞ্জাব কিংস ক্রিকেট দলের সদস্য ছিলেন। তখন অবশ্য প্রীতি জিন্টা-নেস ওয়াদিয়ার দলের নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পঞ্জাব কিংস শিবির বুধবার সানরাইজার্স হায়দারবাদের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিংহরা।
খেলা ছাড়ার পর পঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হয়েছিলেন আমনপ্রীত। যে রাজ্য দলের হয়ে ক্রিকেট খেলেছিলেন, সেই দলকে নিজের অভিজ্ঞতা দিয়ে আরও শক্তিশালী করার চেষ্টা করেছিলেন।
আমনপ্রীতের মৃত্যুতে শোকস্তব্ধ বিরাট কোহলি, যুবরাজ সিংহরা। কোহলি জানিয়েছেন, তিনি হতবাক। শোকস্তব্ধ। আইপিএলের মাঝেই এক্স হ্যান্ডলে কোহলি লিখেছেন, ‘আমনপ্রীত সিংহের আচমকা মৃত্যুর খবরে আমি ভীষণভাবে শোকাহত। কেরিয়ারের শুরুর দিকে ড্রেসিংরুম শেয়ার করেছি ওর সঙ্গে। একটু চুপচাপ থাকত। তবে পরিশ্রমী ক্রিকেটার ছিল, যে খেলাটা ভালবাসত।’
পঞ্জাব ক্রিকেট সংস্থাও (Punjab Cricket Association) শোকজ্ঞাপন করেছে। এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘পঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার এবং পঞ্জাবের নির্বাচক কমিটির প্রাক্তন সদস্য আমনপ্রীত সিংহ গিলের প্রয়াণে পঞ্জাব ক্রিকেট সংস্থা শোকস্তব্ধ। শোকাহত পরিবার ও প্রয়িজনদের প্রতি সমবেদনা রইল।’
আরও পড়ুন: ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের
Punjab Cricket Association deeply mourns the sad demise of Amanpreet Singh Gill, former Punjab cricketer and Member, Senior Selection Committee Punjab.
He served Punjab cricket with dedication and passion, representing teams including India Under-19s, Kings XI Punjab and Punjab.… pic.twitter.com/tpr0EwEprk
— Punjab Cricket Association (@pcacricket) May 6, 2026
২০০৭ সালে ভারতের যুব দলের হয়ে ইংল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সফরে বেশ কয়েকটি ওয়ান ডে ও তিনদিনের ম্যাচ খেলেছেন। তবে ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে যে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জিতেছিল ভারত, সেই দলে সুযোগ পাননি।
