নয়াদিল্লি: আইপিএল (IPL 2026) মোটামুটি অর্ধেকটা হয়ে গিয়েছে। জমে উঠেছে প্লে-অফের লড়াই। লিগ তালিকায় নীচের দিকে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (DC vs KKR) আজকের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। প্লে-অফে পৌঁছতে মরিয়া দুই দলের জন্যই আজকের ম্যাচের দুই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দুই দলের সমর্থকরাই কিন্তু এই ম্যাচের দিকে বিশেষ নজর রাখছেন।
লিগ তালিকায় আপাতত আট পয়েন্ট নিয়ে সাতে রয়েছে দিল্লি, আর সাত পয়েন্ট নিয়ে আটে কেকেআর। তাই প্লে-অফের দৌড়ে এই দুই পয়েন্ট উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অরুণ জেটলি স্টেডিয়ামে আজকের ম্যাচে অবশ্যই নজর থাকবে পিচের দিকে। কেকেআর ও দিল্লি ক্যাপিটালস আজ অরুণ জেটলি স্টেডিয়ামের ছয় নম্বর পিচে ম্যাচ খেলবে শোনা যাচ্ছে। এই পিচেই কিন্তু দিল্লি ক্যাপিটালস সুবিশাল ২৬৪ রান তুলেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। ভাল পিচ, ছোট মাঠ এবং তারকা ব্যাটারদের নিয়ে তৈরি এই দুই দলের আজকের ম্যাচও তাই হাইস্কোরিং হওয়ারই পূর্ণ সম্ভাবনা রয়েছে।
