মুম্বই: তিনি ভারতের জোড়া আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সকে রেকর্ড পাঁচ-পাঁচবার আইপিএল ট্রফি দিয়েছেন। তাঁকে ঘিরে উন্মাদনা সব সময়ই চোখে পড়ার মতোই থাকে ।
তবে এক ভক্তের আবদার মেটাতে গিয়ে আজব অভিজ্ঞতা হল সেই রোহিত শর্মার (Rohit Sharma)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মুহূর্তে তা ভাইরাল হয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের টিমবাসে উঠতে যাচ্ছিলেন রোহিত শর্মা। সেই সময়ই এক মহিলা অনুরাগী দৌড়ে এসে তাঁর সঙ্গে সেলফি তুলতে চান। রাজিও হয়ে যান হিটম্যান। বরাবরই ভক্তদের সঙ্গে দিলদরিয়া আচরণ করতেই দেখা যায় তাঁকে। ওই মহিলার অনুরোধও ফেরাননি তিনি। ছবি তোলার জন্য পোজও দেন।
তারপরই ঘটনার ঘনঘটা। ওই মহিলা তখন উচ্ছ্বসিত। যেন বিশ্বাসই করতে পারছেন না যে, তাঁর সঙ্গে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছেন। তারপরই ওই মহিলা আবিষ্কার করেন যে, তাঁর ফোন স্যুইচড অফ হয়ে গিয়েছে। তিনি ছবি নিতে পারেননি। গোটা মুম্বই ইন্ডিয়ান্স দল তখন টিমবাসে ওঠার জন্য তাড়াহুড়ো করছে। রোহিতও তাড়াহুড়ো করছিলেন। তবু তিনি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। ওই মহিলা রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেন। কারও একটা ফোন চান। কিন্তু সেই সময় কোনও ফোন তিনি পাননি। রোহিত এক খুদের সঙ্গে ছবি তুলে টিমবাসের দিকে পা বাড়াতে যাচ্ছিলেন।
তবে এখানেই শেষ নয়। ওই মহিলা অন্য একটি ফোন নিয়ে আসেন। রোহিত তখন টিমবাসে কার্যত পা দিয়ে ফেলেছেন। ওই মহিলাকে আটকে দেন নিরাপত্তাকর্মী। ওই মহিলা চিৎকার করে রোহিতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল।’ রোহিত তাতে বলেন, ‘তাতে আমি কী করব?’ তারপর তিনি দাঁড়িয়ে পড়েন। ওই মহিলা গিয়ে অন্য ফোনে সেলফি তোলেন। তিনি অবশ্য রোহিতের কাছে দুঃখপ্রকাশও করেন। বলেন, ‘আমি দুঃখিত স্যর।’
“Ro, tell us if you ever had any awkward fan interaction?” 🫣😅 pic.twitter.com/RHI9UdPiLF
— Mumbai Indians (@mipaltan) May 9, 2026
সেলফি নেওয়ার পরই যেন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না ওই মহিলা। চিৎকার করতে থাকেন আনন্দে। গোটা ঘটনার ভিডিও পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেটি মুহূর্তে ভাইরালও হয়।
আরও পড়ুন: পালাবদলের পরই ধাক্কা সিএবি-তে, ক্রিকেটার নিলামের আগে বেঙ্গল প্রো টি-২০ থেকে কমল দল!
