সন্দীপ সরকার, কলকাতা: পঁচিশে বৈশাখ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ইতিহাস লেখা হল। ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার রক্ষাই লক্ষ্য। সোনার বাংলা গড়তে অঙ্গীকারবদ্ধ। শপথ নিয়েই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা নতুন মুখ্যমন্ত্রীর।
বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। শোনা গিয়েছিল, সিএবি প্রেসিডেন্ট তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। তবে ব্রিগেডে দেখা যায়নি সৌরভকে। পরে সন্ধ্যায় সিএবি-র তরফে নতুন মুখ্যমন্ত্রীর জন্য আবেগঘন বার্তা দেওয়া হল।
সিএবির বিবৃতিতে লেখা হল, ‘উন্নয়নের জন্য তৈরি। বাংলায় ম্যাচ জেতানো পারফরম্যান্সের জন্য শ্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং অন্য পদাধিকারী ও সদস্যরা উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন শ্রী শুভেন্দু অধিকারী ও নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারকে।’
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে চমক দিয়েছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার ভূমিকায় দেখা যায় তাঁকে তারপর। এবার ফের মমতাকে হারান শুভেন্দু। এবার ভবানীপুর কেন্দ্রে। নবগঠিত সরকারের মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরাল সিএবি।
সিএবি-র বিবৃতিতে লেখা হল, ‘ঠিক যেভাবে একজন অধিনায়ক একটা বিজয়ী দল তৈরি করেন, আমরা আশা করছি আপনার নেতৃত্ব বাংলাকে অভূতপূর্ব উন্নতি, সমৃদ্ধি ও দক্ষতার দিকে এগিয়ে নিয়ে যাবে সব ক্ষেত্রে, ক্রীড়াক্ষেত্রেও। নতুন প্রশাসনের সঙ্গে একটা দারুণ উত্তেজক পার্টনারশিপের অপেক্ষায় সিএবি। যাতে ক্রিকেটের স্পিরিট আরও উৎকৃষ্ট হয় এবং রাজ্যের তরুণ প্রজন্ম আরও শক্তিশালী হয়। আপনাকে,আপনার মন্ত্রিসভাকে এবং গোটা পশ্চিমবঙ্গকে দারুণ সফল ও ঐতিহাসিক ইনিংসের জন্য আগাম শুভেচ্ছা।’
আরও পড়ুন: ‘যাঁরা বাংলার অত্যন্ত মেধাবী’, নতুন উপদেষ্টাকে পেয়ে মমতাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী
