বেজিং : বেজিং পৌঁছে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনব্যাপী সম্মেলন রয়েছে তাঁর। বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমেরিকা-ইরান যুদ্ধ নিয়ে উভয় দেশ কথা বলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ট্রাম্পের সফর শুরুর আগে চিন-আমেরিকা সম্পর্কে চারটি “রেড লাইন”-এর কথা উল্লেখ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে বেজিং।
এর মাধ্যমে চিন বোঝাতে চেয়েছে যে, এই বিষয়গুলি নিয়ে কোনও সমঝোতা করা হবে না। ওয়াশিংটনে থাকা চিনের দূতাবাসের তরফে করা সেই পোস্টে যে চার রেড লাইনের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল- তাইওয়ান প্রশ্ন, গণতন্ত্র এবং মানবাধিকার, পথ ও রাজনৈতিক পদ্ধতি এবং চিনের উন্নয়ন অধিকার। এগুলি “চ্যালেঞ্জ জানানো যাবে না” বলে পোস্টে লেখাও হয়েছে।
The four red lines in #China–#US relations must not be challenged. #ChinaUSRelations #ChinaDiplomacy pic.twitter.com/4kmNeEWLGH
— Chinese Embassy in US (@ChineseEmbinUS) May 12, 2026
ইরানের সঙ্গে সংঘাত জারি রয়েছে আমেরিকার। যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েনের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে। আপাতত সেই যুদ্ধে সংঘর্ষ-বিরতি রয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে চিন সফরে ট্রাম্প। ২০১৭ সালের পর এটাই ট্রাম্পের প্রথম চিন সফর। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দুই অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র এবার পারস্পরিক আলোচনায় বসতে চলেছে। কাল বৃহস্পতিবার ও তার পরের দিন শুক্রবার রয়েছে চিন-আমেরিকার বৈঠক। কোন পথে এগোয় উভয় দেশের মধ্যে সম্পর্ক সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।
গত মার্চে এই সফর নির্ধারিত ছিল। তবে ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট বারে বারে বেজিংয়ের যাওয়ার আগ্রহ প্রকাশ করে গিয়েছেন। বার্তা দিয়েছেন, চিনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে যত দ্রুত সম্ভব মুখোমুখি বৈঠকে বসতে চান। আসলে ‘ইরান-মিত্র’ চিনের মাধ্যমে কি তিনি ইরানকে বার্তা দিতে চান ? তেমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। সোমবার এই সফরের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চিন। সফরে ট্রাম্পের সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ( Xi Jinping )এর বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পশ্চিম এশিয়ার সংঘাত, ইরান পরিস্থিতি এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। চিনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছিলেন, “প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ১৩ থেকে ১৫ মে রাষ্ট্রীয় সফরে চিনে আসবেন।”
