কলকাতা: ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নিজেদের প্লে-অফে পৌঁছনোর আশা অব্যাহত রেখেছে। যদিও এখনও নাইটদের ভাগ্য নিজের হাতে নেই, তাও মরশুমের শেষ গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামার আগে কেকেআর শিবিরে আশার আলো এখনও জ্বলছে। সপ্তাহান্তে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নামবে কেকেআর। নাইটদের প্লে-অফে পৌঁছতে সেই ম্যাচ যে জিততেই হবে, তা নতুন করে বলার কিছু নেই। তবে সেই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল নাইট শিবির।
কেকেআরের হয়ে এ মরশুমে ব্যাট হাতে সবথেকে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। সেই অঙ্গকৃষকে ই নাইট শিবির রবিবারের ম্যাচে পাবে না। কিন্তু কেন? কী হয়েছে অঙ্গকৃষের? আসলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে কেকেআরের গত ম্যাচে অঙ্গকৃষই দস্তানা হাতে উইকেটের পিছনে উপস্থিত ছিলেন। তবে তিলক বর্মার এক ক্যাচ ধরতে গিয়েই তাঁর সঙ্গে বোলার বরুণ চক্রবর্তীর সংঘর্ষ হয়। এরপরে তরুণ কিপার কিপিং তো করেনইনি, তিনি ব্যাটিং করতেও নামতে পারেননি। তাঁর বদলে তেজস্বী দাহিয়া কনকাশন সাব হিসাবে মাঠে নামেন।
আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন সাব হয়ে কেউ মাঠের বাইরে গেলে সপ্তাহখানেক তিনি ম্যাচ খেলতে পারেন না। সেই কারণেই রবিবার অঙ্গকৃষ কেকেআরের হয়ে মাঠে নামতে পারবেন না। অঙ্গকৃষের না খেলাটা কেকেআরের হয়ে নিঃসন্দেহেই বড় ধাক্কা। তিনি ১২ ইনিংস খেলে ৪২২ রান করেছেন ৪২.২০ গড় ও ১৪৬.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন। চলতি মরশুমে পাঁচ পাঁচটি অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি। তাই তাঁর না থাকাটা নিঃসন্দেহেই নাইটদের জন্য বড় ধাক্কা হতে চলেছে।
মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচশেষে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন অঙ্গকৃষের স্বাস্থ্যের আপডেট দেন। তিনি জানান, ‘ও অনেকটা দৌড়ে গিয়ে ওই ক্যাচটা ধরার চেষ্টা করেছিল। তবে দুর্ভাগ্যবশত বরুণ চক্রবর্তীর সঙ্গে ওর ধাক্কা লাগার জেরে ওর ঘাড়ে বেশ চোট লাগে এবং ও বেশ ব্যথা তো অনুভাব করছিলই, পাশাপাশি ওর মাথাও ঘোরাচ্ছিল। তাছাড়া দুই ওভারের মধ্যেই ওর মাথা ব্যথাও শুরু হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমরা ওকে ছাড়া ম্যাচ শেষ করতে পারিনি। ও মাঠে নামতে মরিয়া ছিল। ও ভীষণই লড়াকু মানসিকতার। তাই নিঃসন্দেহেই ব্যাটিংয়ের দিক থেকে বলব যে আমরা ওকে মিস করেছি।’
