কলকাতা: যে দল প্রথম ছয় ম্য়াচের একটিও জিততে পারেনি, যাকে সবাই মনে করছিল প্রথম দল হিসাবে তারাই আইপিএলের (IPL 2026) প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে, সেই দল পরবর্তী সাত ম্যাচের মধ্যে ছয়টি জিতে এখনও প্লে-অফের দৌড়ে অব্যাহত। কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। নাইটদের এই অনবদ্য কামব্যাক অনেককেই ২০১৪ সালের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সেখানেও এমন এক কামব্যাকে টানা নয় ম্যাচ জিতে খেতাব ঘরে তুলেছিল কেকেআর। ১২ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তির আশায় কেকেআর অনুরাগীরা।
নাইটদের এ মরশুমের এই সাফল্যের কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ এক ২১ বছরের তরুণ ক্রিকেটার। নাম অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। তরুণ কিপার-ব্যাটারই এ মরশুমে ব্যাট হাতে নাইটদের সর্বোচ্চ রানসংগ্রাহক। ১৩ ম্যাচে তিনি ১৪৬.৫২ স্ট্রাইক রেট ও ৪২.২০ গড়ে ৪২২ রান করেছেন। যুগ্মভাবে কেকেআরের ইতিহাসে এক মরশুমে দ্বিতীয় সর্বাধিক পাঁচটি অর্ধশতরানের কৃতিত্ব রয়েছে অঙ্গকৃষের ঝুলিতে। তবে সেই অঙ্গকৃষকে ঘিরেই নাইট শিবিরে যত উদ্বেগ।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধ কেকেআরের হয়ে মাঠে নামলেও, ব্যাট করতে পারেননি অঙ্গকৃষ। ওই ম্যাচের প্রথম ইনিংসেই কিপিং করার সময় চোট পান অঙ্গকৃষ। প্রথম ইনিংসে কিপিংয়ের সময় তিলক বর্মার এক ক্যাচ ধরতে গিয়েই তাঁর সঙ্গে বোলার বরুণ চক্রবর্তীর সংঘর্ষ হয়। এরপরে তরুণ কিপার মাঠ ছাড়েন। তিনি আর কিপিং তো করতে পারেনইনি, ব্যাটিং করতেও নামতে পারেননি অঙ্গকৃষ। তাঁর বদলে তেজস্বী দাহিয়া কনকাশন সাব হিসাবে মাঠে নেমেছিলেন। স্বাভাবিকভাবেই দলের এ মরশুমের অবিচ্ছেদ্য অঙ্গ অঙ্গকৃষের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন নাইট সমর্থকরা।
আরও পড়ুন:- কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স তো হারলই, পাশাপাশি কড়া শাস্তিও পেলেন হার্দিক পাণ্ড্য
তরুণ তুর্কির ফিটনেস নিয়ে মুখ খোলেন কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন। তিনি জানান বরুণের সঙ্গে আঘাত লাগার পরে অঙ্গকৃষ কেন ব্যাটিংয়ে কেন নামতে পারলেন না। তাঁর ঠিক কী সমস্যা হচ্ছিল? ‘ও অনেকটা দৌড়ে গিয়ে ওই ক্যাচটা ধরার চেষ্টা করেছিল। তবে দুর্ভাগ্যবশত বরুণ চক্রবর্তীর সঙ্গে ওর ধাক্কা লাগার জেরে ওর ঘাড়ে বেশ চোট লাগে এবং ও বেশ ব্যথা তো অনুভাব করছিলই, পাশাপাশি ওর মাথাও ঘোরাচ্ছিল। তাছাড়া দুই ওভারের মধ্যেই ওর মাথা ব্যথাও শুরু হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমরা ওকে ছাড়া ম্যাচ শেষ করতে পারিনি। ও মাঠে নামতে মরিয়া ছিল। ও ভীষণই লড়াকু মানসিকতার। তাই নিঃসন্দেহেই ব্যাটিংয়ের দিক থেকে বলব যে আমরা ওকে মিস করেছি।’ বলেন ওয়াটসন। এবার দেখার অঙ্গকৃষ ফিট হয়ে কবে মাঠে নামতে পারেন।
