কলকাতা: এক ক্যাচ ধরার মরিয়া প্রচেষ্টা, আরে তাতেই শেষ হয়ে গেল এক দুরন্ত মরশুম (IPL 2026)। কেকেআরের অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) গল্পটা এমনই। চলতি মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে পাঁচ অর্ধশতরানসহ চারশোর অধিক রান করেছিলেন। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লাগা চোটের জেরে টুর্নামেন্টে আর খেলতে পারবেন না তরুণ ক্রিকেটার।
অঙ্গকৃষ রঘুবংশী আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। শুক্রবার তাঁকে যখন স্লিঙ্গব্যাগে হাত ঝুলিয়ে মাঠে প্রবেশ করতে দেখা গিয়েছিল, তখনই মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি আর টুর্নামেন্টে খেলতে পারবেন না। তা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে অফিসিয়ালও হয়ে যায়।
অঙ্গকৃষের পরিবর্তে কে? ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে কেকেআরের প্রধান কোচ অভিষেক নায়ারকে এই প্রশ্ন করায় তিনি জানান, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। অঙ্গকৃষ রঘুবংশী আমাদের দলের অবিচ্ছেদ্য অঙ্গ। শুধু ব্যাটার হিসাবেই নয়, উইকেটকিপার হিসাবেও। ও এতটাই ভাল ক্রিকেটার, ওকে নিয়ে বেশি কথা হয় না। ওর অভাব পূরণ করা খুব কঠিন। ওর শূন্যস্থান পূরণ করা যায় না। তবে আমাদের হাতে ক্রিকেটার রয়েছে। আগের ম্য়াচে যেমন মণীশ পাণ্ডে দায়িত্ব নিয়ে এগিয়ে এল। তিন নম্বর জায়গাটায় দারুণ ব্যাটিং করল। এটা অন্যদের কাছে প্রমাণ করার সুযোগ।’
আরও পড়ুন:- MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
নায়ার স্পষ্টভাবে কোনও ক্রিকেটারের নাম না বললেও, রবিবারের ম্যাচে সম্ভবত আগের ম্যাচের মতোই তেজস্বী দাহিয়াকে সুযোগ দেওয়া হতে চলেছে। তবে অঙ্গকৃষের পরিবর্ত হিসাবে ইতিমধ্যেই একজন ক্রিকেটার কিন্তু কেকেআর শিবিরে চলে এসেছেন। শনিবার ম্যাচের আগের দিন লুভনিস সিসোদিয়া কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। বাঁ-হাতি কিপার-ব্যাটার কেকেআরের সঙ্গে অনুশীলনও করেন।
Luvnith Sisodia has joined the KKR camp and trained at Eden Gardens today. He hasn’t been officially announced as a replacement yet, but that could be done if #KKR qualify for the playoffs. Sisodia will be the official replacement of Angkrish Raghuvanshi. pic.twitter.com/meMMoW5z34
— Prantik (@Pran__07) May 23, 2026
গত মরশুমেও লুভনিথ কেকেআরের অঙ্গ ছিলেন। তবে তিনি একটিও ম্য়াচ খেলার সুযোগ পাননি। শোনা যাচ্ছে তিনিই অঙ্গকৃষের পরিবর্তে কেকেআর দলে যোগ দিতে পারেন। তবে কেকেআরের তরফে তাঁর নাম এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। রবিবার যদি ফলাফল কেকেআরের পক্ষে না যায়, তাহলে তাদের আইপিএল মরশুম সেখানেই শেষ হয়ে যাবে। তাই কেকেআর ম্যানেজমেন্ট আপতত অপেক্ষায় রয়েছে। রবিবারের ম্যাচের পর কেকেআর প্লে-অফে পৌঁছলে তবে অঙ্গকৃষের পরিবর্ত হিসাবে সরকারিভাবে লুভনিথের নাম ঘোষণা করা হতে পারে বলে খবর।
