আমদাবাদ: শাহরুখ খানের ওম শান্তি ওম সিনেমার বিখ্যাত সেই সংলাপ মনে আছে? ‘অগর কিসি চিজ় কো দিল সে চাহো তো পুরি কায়েনাত উসসে তুমসে মিলানে কী কৌশিশ মে লাগ যাতি হ্যায়…’। বাংলা তর্জমা করলে দাঁড়ায়, কোনও জিনিসকে মন থেকে চাওয়া হলে পুরো পৃথিবী সেটাকে তোমার সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে দেয়।
রবিবার রাতে বিরাট কোহলির মনেও কি সেই সংলাপই ঘুরপাক খাচ্ছে? দীর্ঘ ১৭ বছর ধরে যে ট্রফি তাঁর হাতে ধরা দেয়নি, যন্ত্রণায় কুড়ে কুড়ে খেয়েছে প্রতিটা বছর, প্রত্যেক মরশুম, সেই আইপিএল ট্রফি কি না পরপর দু’বছর ধরা পড়ল তাঁর মুষ্টিবদ্ধ হাতে!
২০২৫ সালের পর ২০২৬ – ফের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত আইপিএলের ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। রবিবার শুভমন গিলের গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল তারা।
এবং দুটি ট্রফিই এল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এবারের আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল আরসিবির হোমগ্রাউন্ড বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ম্যাচ সরিয়ে নেয়। দেওয়া হয় আমদাবাদে। যা নিয়ে আরসিবি খুশি ছিল বলে খবর নেই। কিন্তু রবিবারের পর থেকে ঘরের মাঠে ফাইনাল না খেলার আক্ষেপ মিটে গেল আরসিবির। বরং পরপর দুবার যে মাঠে আইপিএল ট্রফি জিতলেন রজত পাতিদাররা, সেটাই না এখন আরসিবির সবচেয়ে পয়মন্ত মাঠ হয়ে দাঁড়ায়।
𝙁𝙞𝙧𝙨𝙩 𝙩𝙞𝙢𝙚 𝙬𝙖𝙨 𝙨𝙤 𝙣𝙞𝙘𝙚, 𝙩𝙝𝙚𝙮 𝙝𝙖𝙙 𝙩𝙤 𝙙𝙤 𝙞𝙩 𝙩𝙬𝙞𝙘𝙚 ❤️@RCBTweets are your #TATAIPL 2026 Champions 🏆#Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/vAqXacHPju
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড স্পর্শ করল আরসিবি। আইপিএলের ইতিহাসে তৃতীয় দল হিসাবে পরপর দুবার ট্রফি জিতল তারা। আর দুবারই আইপিএল ফাইনালে সর্বোচ্চ স্কোরার কিংগ কোহলি। রান তাড়া করার সময়ে অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য গোটা বিশ্ব যাঁকে চেজ়মাস্টার বলে কুর্নিশ করে। ইনিংস ওপেন করতে নেমে ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত রইলেন কোহলি। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন।
টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল আরসিবি। গুজরাত টাইটান্স তোলে ১৫৫/৮। সর্বোচ্চ ৫০ রান করেন ওয়াশিংটন সুন্দর। জবাবে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আরসিবির।
