June 2, 2026
5d3452d95e6ccb412928e1cf2e16320a1780409883530206_original.jpg
Spread the love


মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের স্পিং বোলিং কোচ হলেন সাইরাজ বাহুতুলে। প্রাক্তন এই ক্রিকেটারকে কুলদীপ, বরুণদের কোচ হিসেবে দেখা যাবে এবার। প্লেয়ার হিসেবে ও কোচ হিসেবে অগাধ অভিজ্ঞতা রয়েছে সাইরাজের। ঘরোয়া ক্রিকেটে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলেও কোচের পদে দেখা গিয়েছে এই প্রাক্তন স্পিনার অলরাউন্ডারকে। এবার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সাইরাজ।

আন্তর্জাতিক ক্রিকেটে দুটো টেস্ট ও আটটি ওয়ান ডে আন্তর্জাতিক ম্য়াচ খেলার অভিজ্ঞতা রয়েছে সাইরাজের। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় দু’দশক ধরে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে মোট ৬১৭৬ রান ও ঝুলিতে পুরেছেন মোট ৬৩০টি উইকেট। তাঁর সময়ের অন্য়তম সেরা স্পিনার অলরাউন্ডার ছিলেন সাইরাজ বাহুতুলে।

ক্রিকেট ছাড়ার পর ভারতীয় ক্রিকেটের সার্কিটে একজন সম্মানজনক কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। বিদর্ভ, গুজরাত, বাংলা ক্রিকেটের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের জার্সিতে আইপিএলে স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচিং স্টাফ ছিলেন সাইরাজ। ২০২৪ এর মরশুমেও কোচ ছিলেন। এছাড়াও সিনিয়র ভারতীয় দল ও ভারতীয় ‘এ’ দলের কোচিং স্টাফ হিসেবে অনেক সিরিজে দায়িত্ব সামলেছেন, যখন পূর্ণাঙ্গ সময়ের কোচরা বিশ্রামে ছিলেন।

এবার নিজেই ভারতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সময়ের জন্য স্পিন বোলিং কোচের দায়িত্বে। সাইরাজ বলছেন, ‘এটা আমার কাছে বিরাট সম্মানের বিষয়। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হল আমাকে। ভারতীয় দলের প্লেয়ার হিসেবে খেলেছি সম্মানের সঙ্গে। আরও একবার দেশের জার্সিতে অন্য ভূমিকায় কাজের সুযোগ পাচ্ছি। এটা বিশেষ মুহূর্ত আমার কাছে। সব ফর্ম্য়াটে ভাল ফল করার বিষয়ে দলের প্লেয়ারদের সঙ্গে ও অন্য়ান্য কোচিং স্টাফেদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

এদিকে, ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন আকিব নবি। এবারের জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক রঞ্জি ট্রফিজয়ী শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। তিনি ১২.৫৭ গড়ে ৬০টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গই নয়, সেই টেস্টের মূল স্কোয়াডে অবশ্য জায়গা পাননি নবি। তবে তাঁকে ব্যাপ আপ ক্রিকেটার হিসেবে দলে নেওয়া হয়েছে। ইতিমধ্য়েই প্রস্তুতি শিবিরে যোগও দিয়েছেন এই পেসার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks