ওয়েলিংটন: নিজের জন্মদিনেই প্রয়াত হলেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার কিংবদন্তি বব ব্লায়ার (Bob Blair)। ২৩ জুন ৯৪তম জন্মদিন ছিল প্রাক্তন কিউয়ি পেসারের। সেই দিনই প্রয়াত হলেন বব। ইংল্যান্ডে প্রয়াত হয়েছেন এই প্রাক্তন কিউয়ি পেসার। ১৯৫৩ থেকে ১৯৬৪ পর্যন্ত দেশের জার্সিতে মোট ১৯টি টেস্ট খেলেছেন বব। ৪৩টি উইকেট ঝুলিতে পুরেছিলেন।
বব তাঁর কেরিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকলেও তিনি বিশ্ব ক্রিকেটে পরিচিত হয়ে আছেন এক সাহসী ক্রিকেটার হিসেবে। নিজের বাগদত্তাকে হারানোর শোক মনে নিয়েই মাঠে নেমেছিলেন দেশের জার্সিতে। সালটা ১৯৫৩। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল সেবার নিউজিল্য়ান্ড দল। জোহানেসবার্গের এলিস পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন একটি ভয়াবহ খবর পান ব্লেয়ার। ক্রিসমাসের আগের দিন ঘটে যাওয়া ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ব্লেয়ারের বাগদত্তা নেরিসা লাভ। সেই দুর্ঘটনায় আরও ১৫১ জনের মৃত্যু হয়েছিল।
প্রিয়জন হারানোর শোক নিয়ে মাঠে নেমে পারফর্ম করাটা অত সহজ নয়। কিন্তু এখানেই ভিন্ন ছিলেন ব্লেয়ার। দলের ব্যাটিং অর্ডারে তখন ভাঙন ধরিয়েছেন প্রোটিয়া পেসার নিল অ্যাডক। নিউজিল্যান্ডের নবম উইকেটের পতনের পর অনেকেই মনে করেছিলেন যে হয়ত আর মাঠে নামবেন না ব্লেয়ার সেই ম্য়াচে। কিন্তু তিনি হৃদয়ে পাথর নিয়েও প্যাড পরে মাঠে নামেন। শেষ উইকেটে ৩৩ রান যোগ করেছিলেন সেই ম্য়াচেই আহত হওয়া কিউয়ি ব্য়াটার সাটক্লিফের সঙ্গে। সেই ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপের সামনে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন সাটক্লিফ। তিনি রক্তাক্ত হয়ে মাঠ ছেড়েছিলেন। পরে যদিও তিনিও ব্য়ান্ডেজ পরে মাঠে নামেন।
প্রথম শ্রেণির ক্রিকেটেও ঈর্ষণীয় রেকর্ড ছিল ব্লেয়ারের। তিনি মোট ১১৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৩৭ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। ১৯৫৬-৫৭ মরশুমে মাত্র ৯ গড়ে ৪৬ উইকেট নিয়ে নিজের সেরা পারফর্ম করেছিলেন ব্লেয়ার। ১৯৬৪ সালে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা, নর্দান আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে কোচের দায়িত্ব সামলেছেন। কিউয়ি এই কিংবন্তি পেসারের প্রতি সম্মান জানাতে নটিংহ্য়াম টেস্টের প্রথম দিন কিউয়ি ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবেন।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
