June 27, 2026
eeceb591ebdb6f5a16720235af079d0a178250416257150_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: যে খবর হওয়ার কথা ছিল খুশির বার্তা, সেটাই অস্বস্তিতে ফেলল সিএবি-কে!

বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে চার দলীয় এমার্জিং টুর্নামেন্টের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই টুর্নামেন্টে ভারত সি দলে সুযোগ পেলেন বাংলার ক্রিকেটার রবি কুমার (Ravi Kumar)। বাঁহাতি পেসারই ৬৪ জনকে নিয়ে তৈরি চারটি দলে বাংলার একমাত্র প্রতিনিধি। শুক্রবার সেই খবর সবার আগে লিখেছিল এবিপি লাইভ বাংলা।

যদিও অদ্ভুতভাবে রবি কুমারের সুযোগ পাওয়া নিয়ে নীরব ছিল সিএবি। অন্যান্য অনেক রাজ্য ক্রিকেট সংস্থা যখন তাদের রাজ্যের যে সমস্ত ক্রিকেটার সুযোগ পেয়েছেন, তাঁদের ছবি সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনন্দন জানিয়েছে, মিডিয়া রিলিজ পাঠিয়েছে, সেখানে রবি কুমারের সুযোগ পাওয়া নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি সিএবি। যে খবর লিখেছিল এবিপি লাইভ বাংলা।

সেই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। রাত প্রায় ১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় রবি কুমারের ছবি দিয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয় সিএবি-র তরফে। রাত ১.০১-এ সিএবি-র সংবাদমাধ্যমের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও রিলিজ পাঠানো হয়।

রবি কুমারের খবর সংবাদমাধ্যমকে, বাংলার ক্রিকেটপ্রেমীদের আনুষ্ঠানিকভাবে জানাতে এত দেরি কেন হল, তা নিয়ে প্রশ্ন যদিও থাকছে।  অথচ ২৬ জুন সিএবি-র ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জন দত্তের (অনু) জন্মদিন ছিল। জন্মদিনে তাঁকে শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেনি সিএবি। সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সিএবি-র সোশ্যাল মিডিয়ার পেজে অনু দত্তের ছবি সহ শুভেচ্ছাবার্তা পোস্ট করা হয়েছিল। ব্রাত্য ছিলেন রবি কুমার। বলাবলি শুরু হয়ে গিয়েছিল যে, বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থায় পদ নিয়ে আকচা-আকচির মধ্যে ক্রিকেটটাই কি কোথাও পিছনের সারিতে চলে যাচ্ছে?

এবিপি লাইভ বাংলার তরফে এ নিয়ে রাতের দিকে যোগাযোগ করা হয়েছিল সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের সঙ্গে। তিনি বলেছিলেন, ‘আমি ব্যক্তিগত কাজে বাইরে এসেছি। এবিপি লাইভ বাংলার খবরেই জানতে পারলাম বিষয়টা। দেখছি।’ তার ঘণ্টাখানেকের মধ্যে অবশেষে পোস্ট করে রবি কুমারের এমার্জিং টুর্নামেন্টে সুযোগ পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানাল সিএবি। সঙ্গে লিখল, গত কয়েকবছর ধরেই বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছেন রবি।

 

সুযোগ পেয়ে খুশি রবি কুমার। এবিপি লাইভ বাংলাকে বলেছিলেন, ‘গত মরশুমে বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে বোর্ডের ওয়ান ডে টুর্নামেন্টে ১৭টি ও কর্নেল সি কে নাইডু ট্রফিতে ২৭ উইকেট নিয়েছি। বেঙ্গল টি-২০ লিগে ৭ ম্যাচে ৫ উইকেট নিয়েছি। সব মিলিয়ে ছন্দেই রয়েছি।’ রবি আরও বলেছেন, ‘লাল বলের ক্রিকেট আমার বরাবরের পছন্দের। স্যুইং আমার অস্ত্র। এই টুর্নামেন্টে ভাল বল করতে মুখিয়ে রয়েছি। যাতে ভবিষ্যতে টেস্ট দলে ঢোকার দৌড়ে থাকা যায়।’

আরও পড়ুন: সিএবির এজিএমে ‘থ্রেট কালচার’! বাঁকুড়ার অভিযোগ ঘিরে তোলপাড়, বিতর্কে পুড়ছে বাংলার ক্রিকেট



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks