June 28, 2026
50e458007f9798b90b539178cc63532717826249105001373_original.jpg
Spread the love


কলকাতা: ভারতের বেতনভোগী কর্মীদের অবসরকালীন আর্থিক সুরক্ষার অন্যতম প্রধান ভরসা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO পরিচালিত এই প্রকল্পে চাকরিজীবী ও সংস্থা উভয়েই প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেন। সেই অর্থের উপর সুদ যুক্ত হয়ে দীর্ঘমেয়াদে একটি বড় অবসরকালীন তহবিল তৈরি হয়। এবার এই পরিষেবাকে আরও আধুনিক ও সহজ করতে ধাপে ধাপে চালু হচ্ছে EPFO 3.0।

আরও পড়ুন: ১ জুলাই থেকে আপনার আধার কার্ডে এই আপডেট একেবারে ফ্রি, কীভাবে করবেন?

নতুন ব্যবস্থায় ডিজিটাল পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে। ফলে কাগজপত্রের ঝামেলা কমবে, যে কোনও ক্লেম দ্রুত নিষ্পত্তি হবে এবং অনলাইন পরিষেবাও আরও সুবিধাজনক হবে। ইতিমধ্যেই EPFO সদস্যরা অনলাইনে বিভিন্ন ধরনের ক্লেম করতে পারেন। যেমন, ফর্ম ৩১-এর মাধ্যমে আংশিক PF তোলা, ফর্ম ১৯-এর মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি এবং ফর্ম ১০সি-এর সাহায্যে নির্দিষ্ট ক্ষেত্রে পেনশন সংক্রান্ত ক্লেম করা যায়।     

সম্প্রতি আধার-ভিত্তিক OTP-এর মাধ্যমে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। UAN সক্রিয় হলে সদস্যরা অনলাইনে নিজেদের PF অ্যাকাউন্টের কাজ, KYC তথ্য আপডেট এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা সহজেই ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!

এছাড়া সদস্যরা অনলাইন পাসবুকের মাধ্যমে প্রতি মাসের PF জমা, সুদ এবং বর্তমান ও প্রাক্তন সংস্থা কত টাকা দিয়েছে বা দিচ্ছে তা রিয়েল-টাইমে দেখতে পারবেন। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনলাইনেই PF ট্রান্সফারের আবেদন এবং তার অগ্রগতি পর্যবেক্ষণ করার সুবিধাও রয়েছে।

EPFO-র আওতায় কর্মীরা এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স (EDLI) প্রকল্পের সুবিধাও পান। অতিরিক্ত প্রিমিয়াম ছাড়াই এই বিমা কভারের অধীনে কর্মরত অবস্থায় সদস্যের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি ২.৫ লক্ষ থেকে সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। পাশাপাশি EPF, EPS এবং EDLI-তে অনলাইনেই নমিনি যুক্ত করা যায়। এমনকি ইন্টারনেট ছাড়াও SMS বা মিসড কলের মাধ্যমে PF ব্যালেন্স জানার সুবিধা রয়েছে। ফলে EPFO 3.0 কর্মীদের জন্য আরও দ্রুত, স্বচ্ছ এবং ব্যবহারবান্ধব পরিষেবা নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks