নয়াদিল্লি: দিনে একবার নেন ইনসুলিন কেউ, কেউ আবার একাধিক বার। সেই ঝঞ্ঝাট থেকে এবার মুক্তি মিলতে পারে। সপ্তাহে একবার নিলেই যথেষ্ট, এমন ইনসুলিন এবার পৌঁছে গেল ভারতের বাজারে। ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা Novo Nordisk-এর তৈরি Awiqli ইনসুলিন পৌঁছে গেল ভারতে, যাকে Insulin Icodec-ও বলা হয়। সপ্তাহে একবার নেওয়ার পৃথিবীর প্রথম বেসাল ইনসুলিন এটি। (Awiqli Injection)
টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়বিটিসে আক্রান্ত রোগীরা সপ্তাহে একবার প্রয়োগের এই ইনসুলিন নিতে পারেন। এর ফলে বছরের ৩৬৫ দিন ৩৬৫টি ইনসুলিন ইঞ্জেকশন নেন যাঁরা, ৫২টি ইনসুলিন নিলেই চলবে তাঁদের। ভারতে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয়র কথায়, “ভারতে Awiqli নিয়ে এলাম আমরা, যাকে ডিসরাপশন বলতে পারেন। আমরা বলি টাইপ টি ডায়বিটিসের সলিউশন।” (Weekly Insulin)
আরও পড়ুন: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
প্রাপ্তবয়স্ক টাইপ ওয়ান এবং টাইপ ২ রোগীদের Awiqli ব্যবহারে অনুমোদন মিলেছে। FlexTouch নামের পেন ডিভাইসের মাধ্যমে নিতে হয় এই ইনসুলিন। Novo Nordisk-এর তৈরি এই ইনসুলিনের জন্য ভারতের বাজার ষষ্ঠতম। প্রতিদিন ইঞ্জেকশন নেওয়ায় ভয় পান অনেকেই। যে কারণে রোগীরা ইনসুলিন নিতে গড়িমসি করেন। তাঁদের মাথায় রেখেই সপ্তাহে একবার ব্যবহারের ইনসুলিনটি আনা হয়েছে মূলত।
Awiqli ইঞ্জেকশন ডেনমার্কেই তৈরি হবে। সেখানকার সংস্থাই ভারতে সরবরাহ করবে ইঞ্জেকশন। ভারতের বাজার দখলের জন্য ইঞ্জেকশনের দাম সাধ্যের মধ্য়েই রেখেছে Novo Nordisk. ১ মিলির Awiqli FlexTouch Pen-এ ৭০০ ইউনিট ইনসুলিন থাকছে, যার দাম রাখা হয়েছে ২৬১১ টাকা। ৩ মিলির পেনে ২১০০ ইউনিট ইনসুলিন থাকছে, যার দাম ৭৮৩৩ টাকা রাখা হয়েছে। সপ্তাহে ৭০ ইউনিট ইনসুলিন গ্রহণের মাত্রা ধরলে, একজন রোগীর সাপ্তাহিক খরচ ২৬১ থেকে ২৬৩-র মধ্যেই বাঁধা থাকবে।
ভারতে ডায়বিটিসে আক্রান্ত প্রায় ১০ কোটি ১০ লক্ষ মানুষ। প্রি-ডায়বিটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৩ কোটি ৬০ লক্ষ। পাশাপাশি, ৯ লক্ষেরও বেশি মানুষ টাইপ ওয়ান ডায়বিটিসে ভুগছেন, যা অটোইমিউন। ইনসুলিন থেরাপির দ্বারাই চিকিৎসা হয়। টাইপ ২ ডায়বিটিসে আক্রান্ত ১০ শতাংশ রোগীরও ইনসুলিন থেরাপির প্রয়োজন হয়। ভারতে সর্বাধিক বিক্রিত পাঁচটি ইনসুলিন ব্র্যান্ডের মধ্যে দু’টি ( Mixtard এবং Ryzodeg) Novo Nordisk-এরই তৈরি। Abbot-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতে সেগুলি বিতরণ করে তারা।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
