করাচি: ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে লর্ডসে যে সেঞ্চুরির ইনিংস খেলেছেন রোহিত শর্মা, তা দেখে মুগ্ধ কামরান আকমল। প্রাক্তন পাক উইকেট কিপার ব্যাটার হিটম্য়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। লর্ডসে ১১০ বলে ১৩৮ রানের ঝকঝকে ইনিংস খেলে অনেকের মুখ বন্ধ করিয়ে দিয়েছেন। তিনি না কি ফুরিয়ে গিয়েছেন, তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন যাঁরা তুলছিলেন, তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। কামরান আকমল বলছেন, ‘রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে ইদানীং প্রচুর জল্পনা-কল্পনা চলছিল। রটানো হচ্ছিল যে সে হয়ত ভারতের আগামী পরিকল্পনার অংশ নয় ও ২০২৭ বিশ্বকাপে সুযোগ পাবে না। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে রোহিত তাঁর ব্যাট দিয়েই সেই সব সমালোচনার কড়া জবাব দিয়েছে।’
রোহিতের এই ইনিংসটিকে একটি ‘স্টেটমেন্ট’ হিসেবে দেখছেন আকমল। তিনি বলেন, ‘রোহিত ক্রিকেট বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিলেন যে কেন তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা ওয়ান ডে ব্যাটার। বিদায়ের সিদ্ধান্ত তাঁদের নিজেদের। রোহিত ও বিরাটের মত বিশ্বমানের প্লেয়ারদের মাঠের পারফরম্যান্স দিয়ে বিচার করা উচিত, বাইরের কথায় নয়। কেউ ধাক্কা দিয়ে বের করে দিলেই তাঁরা দল ছাড়বেন কেন? যখন সঠিক সময় মনে হবে, তাঁরা নিজেরাই সরে দাঁড়াবেন।’
সদ্য শেষ হওয়া ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের প্রথম দুটো ম্য়াচে একেবারেই রান পাননি রোহিত। তাঁর ব্য়াট থেকে এসেছিল যথাক্রমে মাত্র ১১ ও ২৬ রান করেছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল যে, লর্ডসের ম্য়াচের পর রোহিতকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। এমনকী এও বলা হয়েছিল যে, ম্যাচ শেষে তিনি অবসরের সিদ্ধান্তও নিতে পারেন। যদিও পরে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন যে পুরোটাই ভুয়ো খবর। ইংল্যান্ড সিরিজের পরেও রোহিত ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছিলেন সাইকিয়া।
এরপরই লর্ডসে প্রথমবারের জন্য সেঞ্চুরি হাঁকান রোহিত। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘আমার কাজ হল ব্যাট হাতে খেলা। মাঠে নামা আর দেশের প্রতিনিধিত্ব করা—অভিষেকের পর থেকেই আমাকে এটাই করতে বলা হয়েছে এবং আমি সেটাই করে যাচ্ছি। অভিষেকের সময় থেকেই নানা রকম কথাবার্তা বা গুঞ্জন ছিল। যতদিন আমি খেলব, ততদিন এসব থাকবেই। এসব বিষয় আমার কাছে কোনও গুরুত্ব রাখে না। আসল ব্যাপার হল, মাঠে আমি কেমন পারফর্ম করছি। দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করাই আমার একমাত্র লক্ষ্য।’
